ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট
ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…
ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মোদি-পুতিনের বৈঠক এবং ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে নিজস্ব জাতীয় মুদ্রায় বাণিজ্যের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার ভারতীয় সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন মতবিনিময় সভায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার মোট বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই নিজ নিজ জাতীয় মুদ্রায় সম্পন্ন হচ্ছে।
ভারত-রাশিয়া সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পেশকভ বলেন, মোদি ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তারা বাস্তববাদী এবং বৈশ্বিক এজেন্ডার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোও খোলামেলা ও গঠনমূলকভাবে আলোচনা করতে পারেন।
পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা ভারতীয় ব্যবসাগুলোর প্রসঙ্গ তুলে ধরে পেশকভ বলেন, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার অনেক বিষয় প্রকাশ্যে আলোচনা করা সম্ভব নয়। তবে এসব বিষয়ে দুই দেশের মধ্যে অন্তরালে গভীরভাবে কাজ চলছে।
তিনি জানান, ভারতীয় কোম্পানিগুলো রাশিয়ার বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী এবং মস্কো বিষয়টিকে স্বাগত জানায়। একই সঙ্গে রাশিয়া থেকে ভারতে জ্বালানি তেল সরবরাহের পরিমাণও প্রতি মাসে নতুন রেকর্ড গড়ছে বলে উল্লেখ করেন তিনি।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থানকে স্বাগত জানিয়ে পেশকভ বলেন, রাশিয়া সংকটটির শান্তিপূর্ণ সমাধান চায় এবং এ বিষয়ে আলোচনার জন্য তারা উন্মুক্ত। তিনি বলেন, রাশিয়া কখনোই এই যুদ্ধ চায়নি।
যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এবং মস্কো-কিয়েভের মধ্যে মধ্যস্থতার উদ্যোগকেও স্বাগত জানান ক্রেমলিনের এই মুখপাত্র।
এদিকে রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের অন্তর্ভুক্তির বিষয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে পেশকভ বলেন, যুদ্ধক্ষেত্রে থাকা ভারতীয় নাগরিকদের শনাক্ত করে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au