বাংলাদেশ

হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যে গরমিল, পদ হারানোর ঝুঁকিতে এমপি মাহবুবা

  • 5:56 pm - September 17, 2026
  • পঠিত হয়েছে:৪৯ বার
হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য, পদ হারানোর ঝুঁকিতে এমপি মাহবুবা হাকিম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্যের গরমিলের অভিযোগ উঠেছে। তাঁর হলফনামায় আইন বিষয়ে উচ্চতর ডিগ্রির তথ্য উল্লেখ থাকলেও, তাঁর নিজের বক্তব্য এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকাশিত পরিচিতিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার তথ্য রয়েছে।

মাহবুবা হাকিমের হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে ‘এমএলএম, ব্যারিস্টার এট ল’ উল্লেখ করা হয়েছে। তবে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেছেন বলে জানিয়েছেন।

বিষয়টি নিয়ে মাহবুবা হাকিম বলেন, আইন বিষয়ে তাঁর কোনো উচ্চতর ডিগ্রি নেই। তিনি বলেন, ‘আমি বুটেক্স থেকে পাস করেছি; বিএসসি ইঞ্জিনিয়ার। আমার ওটারই সার্টিফিকেট জমা দেওয়া আছে। আমি সায়েন্সের স্টুডেন্ট। আইন বিষয়ে আমার কোনো সার্টিফিকেট নেই।’

হলফনামায় এমন তথ্য কীভাবে এলো, সে বিষয়ে তিনি দলের দিকে দায় ঠেলে দিয়েছেন। মাহবুবা হাকিম বলেন, মনোনয়ন ফরম তোলা থেকে পূরণ করা পর্যন্ত সবকিছু দল করেছে। তাঁর দেওয়া সনদ ব্যবহার করা হলেও ফরমটি দলের পক্ষ থেকেই পূরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে স্বাক্ষরিত হলফনামায় মাহবুবা হাকিম নিজেই উল্লেখ করেছেন, সেখানে দেওয়া আয়, সম্পত্তি ও অন্যান্য তথ্য তাঁর জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং নির্ভুল।

হলফনামায় স্বাক্ষর করার মাধ্যমে ভুল তথ্যের দায় তাঁর ওপর বর্তায় কি না, জানতে চাইলে তিনি দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

দলের বক্তব্য

এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বক্তব্য জানতে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ জানান, মাহবুবা হাকিম মামুনুল হকের ভাগ্নি। তাঁর ভাষ্য অনুযায়ী, মামুনুল হকের পরিবারই মনোনয়ন ফরম পূরণের কাজ করেছে। তবে হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য কীভাবে এসেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

হলফনামায় প্রার্থীর শনাক্তকারী হিসেবে মাসরুরুল হকের নাম উল্লেখ করা হয়েছে। তিনি মামুনুল হকের ছোট ভাই বলে জানা গেছে।

দলের পরিচিতিতেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য

সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে ২০ এপ্রিল প্রকাশিত বাংলাদেশ খেলাফত মজলিসের পরিচিতিতেও মাহবুবা হাকিমকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। দলটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন।

দলের ওই পরিচিতিতে বলা হয়, মাহবুবা হাকিম ১৯৮৪ সালে সাভারে জন্মগ্রহণ করেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর তিনি বুটেক্সে পড়াশোনা করেন।

পেশাগত জীবনে তিনি টেক্সটাইল খাতের কয়েকটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন বলেও দলটির পরিচিতিতে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি হিফজখানা ও মক্তব পরিচালনার পাশাপাশি শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানানো হয়।

হলফনামায় ভুল তথ্য দিলে কী হতে পারে

হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, কোনো সংসদ সদস্য হলফনামায় মিথ্যা তথ্য দিলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কমিশনের রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে সংসদ সদস্য পদ হারানোর বিষয়টিও আসতে পারে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, হলফনামার উদ্দেশ্য হলো প্রার্থী সম্পর্কে ভোটারদের কাছে সঠিক তথ্য তুলে ধরা। সেখানে মিথ্যা বা ভুল তথ্য দেওয়া প্রতারণার শামিল বলে মন্তব্য করেন তিনি।

তাঁর মতে, প্রার্থী যদি দাবি করেন যে দল বা অন্য কেউ হলফনামা পূরণ করেছে, তবুও স্বাক্ষরকারী হিসেবে তাঁর দায়ের বিষয়টি এড়ানোর সুযোগ নেই। একই সঙ্গে তথ্য পূরণে দলের কারও সম্পৃক্ততা থাকলে তাদের জবাবদিহির বিষয়ও আসতে পারে বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদারও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন। তাঁর মতে, আদালত, নির্বাচন কমিশন এবং সংসদের সংশ্লিষ্ট কমিটি এ বিষয়ে ভূমিকা রাখতে পারে।

এদিকে মাহবুবা হাকিম বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও ২০২৬ সালের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের হলফনামা সংক্রান্ত তথ্য প্রকাশিত রয়েছে।

এই শাখার আরও খবর

হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মঙ্গলবার তিনি বলেন, ইয়েমেনের পরিস্থিতি ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভান্স…

দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার ঋণ কমবে ৫০০ বিলিয়ন ডলার

দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার সরকারি ঋণের বোঝা ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ট্রেজারি। জাতীয় প্রতিবন্ধী বীমা কর্মসূচি (NDIS)-তে কাঠামোগত সংস্কার এবং টানা…

টাঙ্গাইলে শিশুকে কুপিয়ে হত্যা, মায়ের বিরুদ্ধে অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে সাড়ে তিন বছরের ছেলে আশরাফুলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় সিদরাতুল নামে আট বছরের আরেক…

মৈত্রী পাইপলাইনে নতুন চালান, ভারত থেকে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে পৌঁছেছে এই…

নির্বাচনী প্রতীকের নতুন তালিকা, যুক্ত হলো ‘না’ প্রতীক

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত তালিকায় নৌকা প্রতীক স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি একক প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের…

​জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি ও বিশ্বজয়ের অভিযাত্রা: বঙ্গবন্ধুর কূটনৈতিক বিজয়

​স্বাধীনতার পর পরই একটি সদ্য জন্ম নেওয়া যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের শক্ত অবস্থান তৈরি করা এবং বিশ্ববাসীর স্বীকৃতি অর্জন করা ছিল এক বিশাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au