বাংলাদেশ

অপ্রতিম হত্যা নিয়ে পরিবারের ভিন্ন সন্দেহ, তদন্তের দাবি

  • 3:27 pm - September 22, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে আইফোন ছিনিয়ে নেওয়াকে হত্যার কারণ হিসেবে বলা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। অপ্রতিমের মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্দেহ, তার স্বামীর প্রতিষ্ঠানে হত্যার কয়েক দিন আগে এক কিশোরের চাকরি নেওয়া এবং তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকাকালে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র থাকতে পারে।

সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে শিক্ষক সমিতির আয়োজনে শোক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে নাহিদা বেগম উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নাহার।

কামরুন নাহার বলেন, অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সালমানপুর এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে বিনা বেতনে কাজ শুরু করেছিল। বিষয়টি হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবে যুক্ত কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

তিনি আরও জানান, নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে মাদকবিরোধী বিভিন্ন অভিযানে সহায়তা করেছিলেন। ওই সময় তিনি স্থানীয় কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে পুলিশের হাতে তুলে দেন। পরিবারের দাবি, তাদের মধ্যে দুজন পরবর্তী সময়ে অপ্রতিম হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম তুহিনের গ্যাংয়ের সদস্য ছিল। এসব ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে পরিবার।

এ ছাড়া মামলায় গ্রেপ্তার দুই কিশোরের বয়স নিয়েও সন্দেহ প্রকাশ করেছে পরিবার। তাদের প্রকৃত বয়স যাচাইয়ে প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষা করার দাবি জানানো হয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের বয়স ও পরিচয় যথাযথভাবে যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন শিক্ষকরা।

পুলিশের তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অপ্রতিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন, ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর এবং জড়িত সন্দেহে মো. সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। সিয়াম ছাড়া অন্য তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইফোনের জন্য হত্যার বিষয়টি প্রাথমিকভাবে উঠে এলেও এর পেছনে অর্থ, মাদক বা কিশোর গ্যাং-সংক্রান্ত কোনো বিষয় ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, তিন আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আইফোনের জন্য অপ্রতিমকে হত্যার কথা উঠে এসেছে। তবে হত্যার নেপথ্যে অর্থ কিংবা কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আসামিদের মুঠোফোনের কল তালিকা যাচাই করা হচ্ছে। হত্যার পর কেউ তাদের আশ্রয় বা অন্য কোনো সহায়তা দিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, বয়সে ছোট হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার সন্তান হওয়ায় অপ্রতিমের এলাকার কিছু কিশোরের সঙ্গে সখ্য ছিল। তাদের দাবি, এক কিশোরকে ধার দেওয়া টাকা ফেরত দেওয়ার জন্যও অপ্রতিম চাপ দিচ্ছিল। এ কারণে কারও সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল কি না, সেটিও তদন্তের বিষয় হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের সঙ্গে কয়েকজন কিশোরের ছবি ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, ওই কিশোরদের সঙ্গে অপ্রতিমের ঘনিষ্ঠতার বিষয়টিও তদন্তে গুরুত্ব পাওয়া উচিত।

তদন্ত-সংশ্লিষ্টরা জানান, হত্যাকাণ্ডের পরও অভিযুক্তদের কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিল। এমনকি তারা অপ্রতিমের পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছিল বলেও জানা গেছে। প্রধান আসামি তুহিনকে পুলিশ হেফাজতে নেওয়ার পরও তার মুঠোফোনে এক কিশোরের একাধিকবার ফোন আসছিল। মরদেহ উদ্ধারের সময়ও এক কিশোর সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

এর আগে শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে সে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল। পরে দীর্ঘ সময়েও বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। প্রায় ২১ থেকে ২২ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, অপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার পর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দেওয়ায় ধস্তাধস্তির একপর্যায়ে তাকে আঘাত করা হয়।

অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ব্যবসায়ী।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। শিক্ষক সমিতির শোক র‌্যালি ও মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৬ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি রয়েছে। লালমাই-ময়নামতি পাহাড় এলাকায় খুন, ধর্ষণ, ছিনতাই, চুরি ও যৌন হয়রানিসহ বিভিন্ন অপরাধের অভিযোগও রয়েছে। গত ৩০ আগস্ট লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকায় এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকার নিরাপত্তা আবারও আলোচনায় এসেছে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল বলেন, কুমিল্লায় একের পর এক অপরাধের ঘটনায় নিরাপত্তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয়ের আশপাশে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন এবং পুরো ক্যাম্পাসকে সিসিটিভি নজরদারির আওতায় আনার দাবি জানান তিনি।

অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চারজনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সেখানে নেওয়া হয়। শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ নেটওয়ার্ক। সংগঠনটি বলেছে, কোনো শিশু নিখোঁজ হওয়ার পর প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। দ্রুত অনুসন্ধান, তথ্য সংগ্রহ, প্রযুক্তিগত সহায়তা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিখোঁজ শিশুকে জীবিত ও নিরাপদে উদ্ধারে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

এই শাখার আরও খবর

পাকিস্তানে ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণের শিকার: ইউনিসেফ

পাকিস্তানে বছরে প্রায় ১৫ লাখ শিশু অনলাইনে যৌন শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে,…

উপাচার্য পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, ‘শাটডাউন’ ঘোষণা

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২২…

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে নিহত ২, নিখোঁজ ৪

শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জাপানের পূর্বাঞ্চল। প্রবল বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত দুজন নিহত হয়েছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। ঝড়ের প্রভাবে…

অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তন: স্টুডেন্ট, গ্র্যাজুয়েট ও ভিজিটর ভিসায় কঠোরতা

OTN Bangla Desk: অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। ‘ভিসা হপিং’ বন্ধ, আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসাধারীদের পরিবারের সদস্য আনার সুযোগ…

৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ব্যবসায়ী নিখোঁজ

লক্ষ্মীপুর শহরের চারটি জুয়েলার্স থেকে প্রায় ২২ ভরি স্বর্ণের গহনা নিয়ে রণজিত পাল নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল…

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে ৫০০ কোটি ডলার দিতে চায় যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে নতুন একটি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাব অনুযায়ী, এই তহবিলে যুক্তরাষ্ট্র ৫০০ কোটি ডলার দিতে চায়।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au