স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে নির্বাচন কমিশন সরকারকে জানিয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচনেই ব্যয়ের বড় অংশ হবে। তবে নির্বাচন কমিশনের সাম্প্রতিক কার্যক্রমে চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্ভাব্য ৬ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে। এ অর্থের সংস্থান রাখার ব্যবস্থা সরকার করেছে। তবে চূড়ান্ত ব্যয় কিছুটা কম-বেশি হতে পারে।
মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। বাকি অর্থ পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে ব্যয় হবে। এসব নির্বাচনে তুলনামূলকভাবে ব্যয় কম।
চলতি বছর নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেভাবে কার্যক্রম এগিয়ে নিচ্ছে, তাতে তাঁর মনে হচ্ছে না এ বছর স্থানীয় সরকার নির্বাচন হবে। কমিশন যেহেতু ৬ জুনকে শেষ সময় হিসেবে বিবেচনা করছে, তাই আগামী বছর থেকে নির্বাচন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিনি বলেন, নির্বাচন কমিশন সচিব কমিটির বৈঠক করে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আবার বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ওই বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও থাকবেন।
সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময়সীমা নিয়ে কী প্রত্যাশা রয়েছে, জানতে চাইলে মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার প্রত্যাশা রয়েছে। তবে নির্বাচন শুরুর সময় কমিশনই নির্ধারণ করবে।
তিনি বলেন, ‘শুরুটা আমি বলব না। শুরুটা তারাই ঠিক করবে। কারণ আমি যদি শুরুটা বলে দিই, তাহলে নির্বাচন কমিশনের জন্য বিব্রতকর হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’