দুর্গার সাজে রুমিন ফারহানা, ধর্ম নিয়ে ২২ বচন
ওটিএন বাংলা ডেস্ক : দুর্গার সাজে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড…
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে সতর্কতা জারি করেছে তাইওয়ান। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া ঝড়টির কারণে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্র ও জাপানের বড় ধরনের সামরিক মহড়ার কার্যক্রমেও পরিবর্তন আনতে হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী ঝড় চাম্পি একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হয়েছিল। বৃহস্পতিবার ঝড়টির শক্তি কিছুটা কমলেও এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি ছিল।
ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চল অতিক্রম করে উত্তর দিকে চীনের উপকূলের দিকে এগিয়ে যাবে। পরে ঝড়টি জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।
টাইফুনটির বিস্তৃতি বেড়ে প্রায় ৩২০ কিলোমিটারে দাঁড়িয়েছে, যা তাইওয়ানের অধিকাংশ এলাকা প্রভাবিত করার মতো বড়। আবহাওয়াবিদদের আশঙ্কা, ঝড়টির প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে। উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এতে ছয় মিটারের বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা জানানো হয়েছে। পাশাপাশি তাইওয়ানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রাজধানী তাইপের আশপাশে প্রায় এক মিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে টাইফুন মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পাহাড়ি ও উপকূলীয় এলাকায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার বেশির ভাগই অভ্যন্তরীণ রুটের। তবে দেশটির রেল যোগাযোগব্যবস্থা এখনো স্বাভাবিক রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে টাইফুনটি জাপানের ওকিনাওয়া অঞ্চলের পশ্চিমতম জনবসতিপূর্ণ দ্বীপ ইয়োনাগুনি অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের আশঙ্কায় জাপানের প্রধান বিমান সংস্থা জাপান এয়ারলাইনস, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে ১০০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। এসব ফ্লাইটের বেশির ভাগই অভ্যন্তরীণ রুটের। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও জাপানের সামরিক মহড়ায় পরিবর্তন
টাইফুনের কারণে তাইওয়ানের কাছাকাছি জাপানের দ্বীপগুলোতে চলমান যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড’-এর কার্যক্রমেও পরিবর্তন আনা হচ্ছে।
প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত এই মহড়ায় স্থল, সমুদ্র ও আকাশপথে সমন্বিত সামরিক অভিযান পরিচালনার অনুশীলন করা হয়। এর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং উভচর অভিযানও রয়েছে। সোমবার শুরু হওয়া এবারের মহড়ায় জাপান ও যুক্তরাষ্ট্রের প্রায় ৫৬ হাজার সামরিক সদস্য অংশ নিচ্ছেন। এ ছাড়া ফিলিপাইন ও অস্ট্রেলিয়াসহ আরও পাঁচটি দেশের সামরিক বাহিনী এতে অংশ নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, মহড়ায় অংশগ্রহণকারী সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিনের পরিস্থিতি বিবেচনায় প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
গ্রীষ্মকালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাইফুন বেশি দেখা গেলেও শরৎকালেও এ ধরনের ঝড় আঘাত হানতে পারে। এসব ঝড়ের সঙ্গে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বিপজ্জনক সামুদ্রিক ঢেউয়ের আশঙ্কা থাকে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au