চেসি ত্রিপুরা। ছবি : সংগৃহীত
পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টা ৭ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাত ১১টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থী চেসি ত্রিপুরা আজ রাত ১১টা ৭ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন। চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।’
চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন চেসি। পথে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চেসির মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী রবিউল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লেখেন, ‘বোন আমার, আর কোনো দিন দেখা হবে না। এক করিডরে হাঁটা হবে না, ল্যাবে কাজ করা হবে না, পাহাড়ি খাবার খাওয়া হবে না। ভালো থাকিস ওপারে, বোন আমার।’
আরেক সহপাঠীও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, চেসিকে বাঁচানোর আশায় যারা অপেক্ষা করছিলেন, তাদের এই অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি চেসির আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।