সাংবাদিক উইল মারে ও ডুবে যাওয়া গাড়ি থেকে পছচারীকে তোলার দৃশ্য। ছবি: এবিসি
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে যাওয়া এ ঘটনার দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয়েছে। গাড়িটি পুরোপুরি পানিতে তলিয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে তাঁরা চালককে নিরাপদে বের করে আনেন।
অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম এবিসির সাংবাদিক উইল মারে ব্রিসবেন শহরের উত্তরে বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করছিলেন। এ সময় এক ব্যক্তি বন্যার পানির মধ্য দিয়ে চার চাকার একটি গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুদূর যাওয়ার পর গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একপর্যায়ে গাড়িটি পানিতে ডুবে যেতে শুরু করে।
পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে উইল মারে ও আরেক ব্যক্তি সাঁতরে গাড়িটির কাছে যান। পরে তাঁরা গাড়ির ভেতর থেকে চালককে বের করে আনেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই চালক।
ঘটনাটি প্রত্যক্ষ করেন এবিসির ক্যামেরা অপারেটর লিজ পিকারিং। তিনি বলেন, উইল মারে ও অন্য ব্যক্তিটি নিশ্চিতভাবেই ওই চালকের জীবন বাঁচিয়েছেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কুইন্সল্যান্ডের মরিফিল্ড শহরে প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ভারী বৃষ্টির কারণে ওই এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানোর ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে, এ ঘটনাটি তারই একটি উদাহরণ।