এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব।
মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৯০৫ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৮৮১ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, অনুমতি ছাড়া সীমান্ত পেরিয়ে দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে আরও ২২ জনকে আটক করা হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাঁদের তথ্য গোপন করে সহায়তা করার অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরবে ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।
এদিকে, নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২০ হাজার ২৫২ জনকে তাঁদের নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ৬ হাজার ৫৫৫ জনের দেশে ফেরার বিমানযাত্রাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে মোট ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে তাঁদের মধ্যে বাংলাদেশের নাগরিকসহ কোন দেশের কতজন রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
দেশটিতে বসবাস, কর্মসংস্থান ও সীমান্তসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনা করছে সৌদি কর্তৃপক্ষ। এসব অভিযানের অংশ হিসেবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সুত্রঃ গালফ নিউজ