যশোরে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, গুরুতর আহত বাবা।
যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর ফারুক। রোববার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী (৩২) এবং তাঁদের চার বছর বয়সী ছেলে আবদুর রহমান।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাতে ওমর ফারুক স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি পিকআপ তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা মৌসুমী ও শিশু আবদুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত ওমর ফারুককে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে চালক পালিয়ে যান। তাঁকে শনাক্ত ও আটক করার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।