মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের
যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রোববার দ্বিতীয় দফার ভোটে লুলা ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছেন। অন্যদিকে ফ্লাভিও বোলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশের কিছু বেশি ভোট।
নির্বাচনে জয়ের খবর ছড়িয়ে পড়ার পর লুলার সমর্থক ও প্রচার দলের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তাঁর নির্বাচনী প্রচারের সমন্বয়ক এদিনিও সিলভা সহকর্মীদের সঙ্গে উদ্যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এই ফলাফলকে ব্রাজিলের গণতন্ত্রের ঐতিহাসিক জয় বলে উল্লেখ করেন।
নির্বাচন কমিশন লুলার জয় ঘোষণা করলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ফ্লাভিও বোলসোনারো কিংবা তাঁর নির্বাচনী শিবিরের পক্ষ থেকে পরাজয় স্বীকার করে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দেশটির সুপ্রিম ফেডারেল কোর্টের সমালোচনা করেছিলেন বোলসোনারোর প্রচার সমন্বয়ক রজেরিও মারিনহো। ওই সিদ্ধান্তের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নীরবতা নিয়েও আলোচনা চলছে।
প্রথম দফার ভোটে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় দফায় লুলার এই জয়কে তাঁর রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। প্রথম দফায় ডানপন্থি শিবিরের শক্তিশালী অবস্থানের কারণে লুলার জয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত ভোটের ব্যবধান অল্প হলেও প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলতে সক্ষম হন তিনি।
ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টরাল কোর্ট স্থানীয় সময় রাত আনুমানিক ৯টা ১৩ মিনিটে লুলার জয় ঘোষণা করে। তখন ৮০ শতাংশের বেশি ভোট গণনা শেষে লুলা ৫১ শতাংশ এবং ফ্লাভিও বোলসোনারো ৪৮ দশমিক ৬৮ শতাংশ ভোট পেয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনের দিন কয়েকটি এলাকায় গণপরিবহন বন্ধ থাকায় ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া কিছু অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভোটগ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। লুলা ও বোলসোনারো উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম ফেডারেল কোর্ট ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করে।
উল্লেখ্য, ফ্লাভিও বোলসোনারোর বাবা এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজিত হয়েছিলেন। ওই নির্বাচনের ফলাফল নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষক ফার্নান্দো ব্রাঙ্কোলি আল জাজিরাকে বলেন, প্রথম দফায় পিছিয়ে থাকার পর লুলার এই জয় ব্রাজিলের রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনা। তাঁর মতে, লুলার নিজের শিবিরের অনেকেই ফ্লাভিও বোলসোনারোকে এগিয়ে থাকতে দেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত লুলা তাঁদের ধারণা ভুল প্রমাণ করেছেন।
তবে নির্বাচনে জয়ের পরও লুলার সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। ব্রাজিলের রক্ষণশীল আইনপ্রণেতাদের বিরোধিতার মুখে তাঁর ঘোষিত পরিকল্পনা ও নীতিগুলো বাস্তবায়ন কঠিন হতে পারে। এ পরিস্থিতিতে বিরোধী পক্ষের সঙ্গে সমঝোতা ও দরকষাকষির মাধ্যমে এগোতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: আল-জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au