আটক কৃপেশ রায়। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন কৃপেশ রায়।
কৃপেশ রায় (৪০) উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য হলেও বর্তমানে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য কৃপেশকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এর আগে সকালে আইনি সুরক্ষা চেয়ে তিনি তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কৃপেশের দাবি, একই গ্রামের তাঁর আপন চাচাতো ভাই পন্টি রায়ের সঙ্গে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই তিনি থানায় জিডি করেছেন বলে জানান।
স্থানীয় এক প্রতিবেশী জানান, প্রায় ছয় মাস ধরে কৃপেশকে বাড়িতে থাকতে দেখছেন তিনি। সম্প্রতি তাঁর নামে একটি নতুন ফেসবুক আইডি থেকে কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়েছিল। আইডিটি সন্দেহজনক মনে হওয়ায় তিনি অনুরোধ গ্রহণ করেননি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, কৃপেশকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে ফাঁসানোর জন্য একটি চক্র কাজ করছে বলে তিনি দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।