বাংলাদেশ

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

  • 2:09 am - October 27, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। ছবি: সংগৃহীত

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি শব্দটি ব্যবহার করেননি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার সন্ধ্যায় আইজিপির বক্তব্যের স্পষ্টীকরণ দিয়ে পাঠানো এক বার্তায় এ কথা জানায় পুলিশ সদর দপ্তর।

বার্তায় বলা হয়, সোমবার সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম পুলিশ সদর দপ্তরের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আইজিপি বলেছিলেন, “যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।”

তিনি আরও বলেন, কে আসবে, আপা কবে আসবে বা কী হবে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় নয়। আইন ও সংবিধান অনুযায়ী, যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটিই করা তাদের দায়িত্ব।

পুলিশের ওপর হামলার তথ্য তুলে ধরল সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের মৌলিক দায়িত্ব।

এসব দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী, সংঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারীদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখে পড়তে হয়।

সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রচলিত আইনে পুলিশের আত্মরক্ষার অধিকার স্বীকৃত। বিশেষ করে দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ এ-সংক্রান্ত বিধান রয়েছে।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্যে নয়

আইজিপির বক্তব্যের ব্যাখ্যায় পুলিশ সদর দপ্তর জানায়, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের দৃঢ় অঙ্গীকার তুলে ধরেছেন তিনি।

সদর দপ্তরের ভাষ্য, আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি শব্দটি ব্যবহার করেননি।

সাংবাদিকদের নিয়ে মন্তব্যেরও ব্যাখ্যা

একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিবৃতিতে বলা হয়, প্রকৃতপক্ষে সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করার উদ্দেশ্য তাঁর ছিল না। বিষয়টি অসাবধানতাবশত হয়েছে।

বার্তার শেষে পুলিশ সদর দপ্তর জানায়, মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

এই শাখার আরও খবর

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

বাংলাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন এবং শিল্প খাতে সহযোগিতা বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত…

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন রাস্তায় নামছে জেন-জি?

আবাসন সংকট, জীবনযাত্রার বাড়তি ব্যয়, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও শিক্ষাব্যবস্থার দুর্বলতা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছে তরুণ প্রজন্ম। ফ্রান্স, স্পেন, ইতালি, বেলজিয়াম, আলবেনিয়াসহ বিভিন্ন দেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au