ফেল করায় শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
এইচএসসি পরীক্ষায় ফেল করার পর শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাতক্ষীরার তালা উপজেলার হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ…
বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে এক নারীকে হুমকি এবং গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। তাঁদের আটক করতে ব্রিসবেনের কয়েকটি এলাকায় দীর্ঘক্ষণ ধাওয়া চালায় পুলিশ।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টার পর পুলিশের সঙ্গে গাড়ি নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ব্রিসবেনের উপকণ্ঠে কুরাবি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ, এক নারী ও এক পুরুষ ওই বাড়িতে ঢুকে এক নারী বাসিন্দাকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখান। পরে তাঁরা একটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করেন।
একই দিন এর আগে সানিব্যাংক হিলস এলাকায় অস্ত্রের মুখে ছিনতাইয়ের আরেকটি চেষ্টার সঙ্গেও ওই দুজন জড়িত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।
দুটি ঘটনার পর অভিযুক্তরা একটি কালো রঙের হাভাল গাড়িতে করে পালিয়ে যান। পুলিশের ধারণা, গাড়িটি গত ২৮ অক্টোবর গুডনার ব্রিসবেন রোডের একটি কার ওয়াশ থেকে চুরি করা হয়েছিল।
শুক্রবার বিকেলে ওয়াটারফোর্ড এলাকায় গাড়িটির সন্ধান পায় পুলিশ। এরপর শুরু হয় ধাওয়া। কুইন্সল্যান্ড পুলিশের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, গাড়িটি ব্রিসবেনের বিভিন্ন এলাকায় বিপজ্জনকভাবে চলাচল করছে।

ব্রিসবেনের বিভিন্ন উপশহরে হাভাল গাড়িটিকে ধাওয়া করে পুলিশ। ছবি: কুইন্সল্যান্ড পুলিশ (QLD Police)

ধাওয়ার সময় গাড়িটি সড়কের উল্টো পাশ দিয়ে চলছিল বলে অভিযোগ। ছবি: কুইন্সল্যান্ড পুলিশ (QLD Police)
ফরেস্ট লেক, সামনার পার্ক, করিন্ডা ও ইন্ডোরুপিলির মতো এলাকায় গাড়িটি দ্রুতগতিতে ছুটে যায়। এ সময় সেটিকে সড়কের উল্টো পাশে চলতে, অন্য গাড়ির ফাঁক দিয়ে বিপজ্জনকভাবে বেরিয়ে যেতে এবং সাইকেল আরোহীদের কাছাকাছি গিয়ে অল্পের জন্য সংঘর্ষ এড়াতে দেখা যায়।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পুলিশ গাড়িটির চাকা অকার্যকর করার বিশেষ যন্ত্র ব্যবহার করে। এর প্রায় পাঁচ মিনিট পর, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সেন্ট লুসিয়ার গেইলি রোডে গাড়িটি থামানো সম্ভব হয়। পরে গাড়ি থেকে দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়।

গাড়িটি অল্পের জন্য সাইকেল আরোহীকে ধাক্কা দেওয়া থেকে রক্ষা পায়। ছবি: কুইন্সল্যান্ড পুলিশ (QLD Police)
তিনজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ
গ্রেপ্তার দুই নারীর একজনের বয়স ২৬ বছর। তাঁর বাড়ি মর্নিংসাইডে। অন্যজন ২২ বছর বয়সী, তাঁর বাড়ি কিংস্টনে। তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে, অপরাধের উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ, গুরুতর অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কোনো স্থাপনায় প্রবেশ, চুরি, অস্ত্রসহ দলবদ্ধভাবে ডাকাতি এবং গাড়ি বেআইনিভাবে ব্যবহারের চেষ্টা।

তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। ছবি: কুইন্সল্যান্ড পুলিশ (QLD Police)
অন্যদিকে, গ্রেপ্তার ২৪ বছর বয়সী পুরুষের বাড়ি ফরেস্ট লেকে। তাঁর বিরুদ্ধে মোট ১২টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে, অপরাধের উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ, গুরুতর অপরাধ সংঘটনের উদ্দেশ্যে স্থাপনায় প্রবেশ, অস্ত্রসহ দলবদ্ধভাবে ডাকাতি, চুরি, গাড়ি বেআইনিভাবে ব্যবহারের চেষ্টা এবং বিপজ্জনকভাবে মোটরযান চালানো।
তিনজনকেই শনিবার (৩১ অক্টোবর) ব্রিসবেন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার প্রত্যক্ষদর্শী বা এ-সংক্রান্ত কোনো ভিডিও ফুটেজ যাঁদের কাছে রয়েছে, তাঁদের ক্রাইম স্টপার্সের ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: নিউজ২৪ অস্ট্রেলিয়া
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au