দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) আসন্ন ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তাঁদের মধ্যে পাঁচজন রয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে এবং বাকি পাঁচজন ডায়মন্ড ক্যাটাগরিতে। আগামী ৩ নভেম্বর পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ড্রাফট। এর আগে বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।
প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। এই ক্যাটাগরিতে তাঁদের সঙ্গে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডাসেন, ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল, ইংল্যান্ডের মঈন আলী, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটার।
অন্যদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। এই ক্যাটাগরির উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো এবং ইংল্যান্ডের রিস টপলি।
ড্রাফটের আগেই টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে আয়োজকরা। দলগুলো হলো একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া।
পাঁচ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ।
এ ছাড়া দলগুলোর প্রধান কোচ হিসেবে থাকবেন মিকি আর্থার, রবি বোপারা, শেন ম্যাকডরমট, টবি রেডফোর্ড ও আজহার মাহমুদ। টুর্নামেন্টের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত থাকবেন তিলকারত্নে দিলশান, ইরফান পাঠান, মার্ক বাউচার, নিখিল চোপড়া ও ওয়াকার ইউনিস।
আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে এপিএলের উদ্বোধনী আসর।