ভেনেজুয়েলার ভেতরে কলম্বিয়ার একটি গেরিলা গোষ্ঠীর ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে কলম্বিয়ার একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে সেনাবাহিনীর চালানো হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির আপুরে রাজ্যে এ অভিযান চালানো হয়। রোববার একটি মানবাধিকার সংস্থা ও অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
ভেনেজুয়েলার সীমান্তবর্তী রাজ্যগুলোতে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফুন্দা রেদেস’ প্রথমে হামলায় ৯ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। পরে সংস্থাটি নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়ানোর তথ্য জানায়।
কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) বর্তমানে অন্যতম শক্তিশালী। ২০১৬ সালে কলম্বিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠী রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) শান্তিচুক্তি স্বাক্ষর করার পর ইএলএন দেশটির সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী সংগঠনে পরিণত হয়।
দীর্ঘদিন ধরেই কলম্বিয়ার সরকার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিরুদ্ধে দেশটির ভূখণ্ডে কলম্বীয় বিদ্রোহীদের আশ্রয় ও রসদ সরবরাহের অভিযোগ করে আসছে। তবে এসব অভিযোগ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত এক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকে ওয়াশিংটনের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে রয়েছে কারাকাস। এমন পরিস্থিতির মধ্যেই কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ভেনেজুয়েলার সেনাবাহিনীর এ অভিযান চালানোর ঘটনা ঘটল।