বাংলাদেশ

চট্টগ্রামে দুই হিন্দু বনকর্মীসহ ছয়জনের ওপর সংঘবদ্ধ হামলা, হাসপাতালে ভর্তি

  • 10:53 pm - November 03, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
চট্টগ্রামের বাঁশখালীতে হামলার শিকার হন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় পাঁচ বনকর্মী ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই হিন্দু বনকর্মীও রয়েছেন। তাঁদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল শীলকূপ মৌজার করলাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই হিন্দু বনকর্মী হলেন জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অঞ্জন দে (৩৫) ও সুভাষ চন্দ্র লস্কর (৪২)। আহত অন্যরা হলেন ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন (৪৫), পাহারাদার দেলোয়ার হোসেন (৪৫) ও শামসুল আলম (৪৫)।

বন বিভাগের অভিযোগ, সরকারি বনভূমিতে নির্মিত বসতঘর উচ্ছেদ করতে গেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা লেয়াকত আলী (৩৫) ও নজরুল ইসলাম ওরফে কালুর (২৮) নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা, দা-কিরিচ ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এতে বন বিভাগের পাঁচ কর্মী ও পুলিশের এক সদস্য আহত হন।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সরকারি বনভূমি দখল করে বসতঘর নির্মাণে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় মো. কালু সপ্তাহখানেক আগে বন বিভাগের জমি দখল করে একটি বসতঘর নির্মাণ করেন বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে বন বিভাগের সদস্যরা ওই বসতঘর উচ্ছেদে অভিযান চালান। এ সময় তাঁদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বন বিভাগের সদস্যরা আত্মরক্ষার্থে শর্টগান থেকে দুটি ফাঁকা গুলি ছোড়েন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ইসরাইল হক বলেন, বন বিভাগের জায়গা দখল করে বসতঘর নির্মাণের খবর পেয়ে সকালে অভিযান চালানো হয়। এ সময় লেয়াকত আলী ও কালুর নেতৃত্বে সংঘবদ্ধ হামলা হয়। এতে বন বিভাগের পাঁচ কর্মী ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, বন বিভাগের জায়গা উদ্ধারে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই শাখার আরও খবর

শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের…

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছর মেয়াদের মাঝপথে অনুষ্ঠিত এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে, তাঁর প্রেসিডেন্সির বাকি দুই বছর…

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদা নিতেন সমন্বয়কেরা

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহম্মেদের বাসায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর পর তাঁর স্বামীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে…

মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা, লাশ ফেলে রাখা হয় ডোবায়

ওটিএন বাংলা রিপোর্ট : শরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী…

সেন্টমার্টিন ভ্রমণে নতুন বাধা, পর্যটকদের দ্বীপে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালু হলেও এখনো কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পায়নি। কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য সাতটি জাহাজের মালিকপক্ষ রুট…

ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নাবিক নিহত

ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au