সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। একই সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে…
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক জনপ্রতিনিধি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান এবং কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান। তাঁদের মধ্যে শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং এমডি মাসুদুর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে জয় পেয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রাথমিক ফলাফল অনুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে শেখ রহমানের বিপক্ষে সাধারণ নির্বাচনে কোনো প্রার্থী ছিলেন না। ফলে তাঁকে সরাসরি ভোটের লড়াইয়ে নামতে হয়নি। নির্বাচনের প্রাথমিক হিসাবে তাঁর নামে ৩৫ হাজার ১০১ ভোট দেখানো হয়েছে।
এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ১৮৮ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয় পেয়েছিলেন ৫ হাজার ১৬৬ ভোট।
বাংলাদেশের কিশোরগঞ্জে শেখ রহমানের বাড়ি। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে অঙ্গরাজ্যটির ৫ নম্বর সিনেট আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে প্রায় দ্বিগুণ ভোটে পরাজিত করে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছিলেন শেখ রহমান।
অন্যদিকে, কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সিটি ইনসাইডারের প্রকাশিত প্রাথমিক ফলাফলে তাঁর জয়ের তথ্য জানানো হয়েছে।
এমডি মাসুদুর রহমানের বাড়ি বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জে। ২০২২ সালে প্রথমবার কানেকটিকাটের স্টেট সিনেটর নির্বাচিত হন তিনি। এরপর ২০২৪ সালের নির্বাচনেও ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন শেখ রহমান, নাবিলা ইসলাম পার্কস, নূরুন নবী, এমডি মাসুদুর রহমান ও আবুল খান। তবে ২০২৬ সালের নির্বাচনে নূরুন নবী ও নাবিলা ইসলাম পার্কস প্রার্থী হয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au