বাংলাদেশ

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী ভোগান্তিতে: হিউম্যান রাইটস ওয়াচ

  • 11:02 pm - November 04, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
হিউম্যান রাইটস ওয়াচ।

বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে কথিত রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্বিচারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, এ ধরনের পদক্ষেপের কারণে শত শত শিক্ষার্থী তাঁদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। কারও বিরুদ্ধে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে, কারও পরীক্ষার সনদ আটকে রাখা হয়েছে, আবার কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, কয়েকজন শিক্ষক প্রতিশোধমূলক ব্যবস্থার আশঙ্কায় নিয়মিত পাঠদান ও গবেষণার কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগের সঙ্গে কথিত রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিতর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ধরনের আলোচনা নিয়ে কেবল কর্তৃত্ববাদী শাসকদেরই উদ্বিগ্ন হওয়ার কথা, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত কোনো সরকারের নয়। অতীতের দমন-পীড়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর পরিবর্তে ক্ষমতাসীন ও বিরোধী দলের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে একই ধরনের আচরণ পুনরাবৃত্তি করা উচিত নয়।

সংস্থাটি জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এক ডজনের বেশি শিক্ষকের সাক্ষাৎকার নিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন চিঠিপত্র, টেলিভিশনে প্রচারিত একটি আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও পর্যালোচনা ও বিশ্লেষণ করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সাক্ষাৎকারেও বহিষ্কার, পরীক্ষার সনদ বাতিল বা আটকে রাখা এবং ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের আগস্টে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আওয়ামী লীগপন্থী একটি টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২২টি বিশ্ববিদ্যালয়ের আরও অন্তত ৪০৪ জন শিক্ষককে তদন্তের আওতায় আনা হয়েছে। সব মিলিয়ে দেশের ২০টির বেশি সরকারি বিশ্ববিদ্যালয় এ পরিস্থিতির প্রভাবের মধ্যে রয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

নাম প্রকাশ না করার শর্তে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, বর্তমানে আওয়ামী লীগপন্থী এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে সমর্থন না করা শিক্ষকদের মিথ্যা অভিযোগে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাঁদের ক্লাস নিতে দেওয়া হচ্ছে না, গবেষণার কাজও করতে পারছেন না। ফলে শিক্ষক হিসেবে স্বাভাবিক দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৬ শিক্ষার্থী সাময়িক বরখাস্ত

প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের মার্চে একটি তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২৬ শিক্ষার্থীকে সাময়িকভাবে বরখাস্ত করে এবং তাঁদের পরীক্ষার সনদ আটকে রাখে। কমিটির দাবি ছিল, এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার ছবি, ভিডিও কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া আরও ২৭৭ জন আওয়ামী লীগপন্থী শিক্ষার্থীর বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশের কাছে মামলা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি। তা সত্ত্বেও গ্রেপ্তারের আশঙ্কায় এসব শিক্ষার্থী ক্যাম্পাসে যাওয়া থেকে বিরত রয়েছেন বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগের তালিকায় থাকা অনেক শিক্ষার্থী সহিংসতায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। কিন্তু অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের কোনো আনুষ্ঠানিক সুযোগ দেয়নি।

হিউম্যান রাইটস ওয়াচের মতে, রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া তাঁদের শিক্ষা ও পেশাগত অধিকার ক্ষুণ্ন করছে। বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশ ও রাজনৈতিক বিতর্কের পরিবেশ বজায় রাখার পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ব্যবসায়ী নাসিরের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, বাসা ছেড়ে আত্মগোপনে চিত্রনায়িকা পরীমণি

ভাস্কর দত্ত :  ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার…

গ্যাব্রিয়েলকে পেতে রিয়ালের সঙ্গে লড়াইয়ে বার্সা-পিএসজি

ম্যানচেস্টার ইউনাইটেডের ১৬ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েলকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। তাঁকে পেতে বার্সেলোনা ও পিএসজির মতো ক্লাবও প্রতিযোগিতায় থাকলেও স্প্যানিশ সংবাদমাধ্যমের…

ইকবাল সোবহান চৌধুরীকে ধরে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ

ওটিএন বাংলা ডেস্ক :  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর…

রিপাবলিকানদের পরাজয়ের নেপথ্যে ট্রাম্পের ভুল কৌশল, দায় কার?

নিজের পছন্দের প্রার্থী বাছাই, দলীয় প্রাইমারিতে হস্তক্ষেপ এবং জনমত বুঝতে ব্যর্থতা। সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের দায় এখন ডোনাল্ড ট্রাম্পের ওপরই চাপাচ্ছেন দলটির নেতারা…

কুমিল্লায় ভারতীয় শিক্ষার্থীকে হত্যা, ডোবার পানিতে ভাসছিল লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  কুমিল্লার বুড়িচংয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আদনান আলতাফ (২৮) নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ…

সাভারে পুলিশের গাড়িতে আগুন, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

ন্যূনতম মজুরি বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au