সাভারে পুলিশের গাড়িতে আগুন, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
ন্যূনতম মজুরি বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা…
ওটিএন বাংলা ডেস্ক :
কুমিল্লার বুড়িচংয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর আদনান আলতাফ (২৮) নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজসংলগ্ন একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা। তিনি কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আদনান তাঁর মাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন। পড়াশোনায় কিছুটা অমনোযোগী থাকায় পরিবারের সদস্যরা তাঁকে অনেকটা জোর করেই বাংলাদেশে নিয়ে আসেন বলে জানা গেছে।
এরপর গত ২ নভেম্বর রাতে কলেজের হোস্টেল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আদনান। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের সদস্য ও কলেজ কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
আদনানের খোঁজ না পেয়ে কলেজ কর্তৃপক্ষ ও তাঁর মা গত মঙ্গলবার বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর পুলিশ তাঁর সন্ধানে তৎপরতা শুরু করে। আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হয়।
এরপর বুধবার সকালে কলেজসংলগ্ন একটি ডোবায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, স্থানীয় লোকজন ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। কলেজ কর্তৃপক্ষ ও নিহতের মা মরদেহটি আদনানের বলে শনাক্ত করেন।
ওসি আরও বলেন, আদনানের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au