এক সাংবাদিককে হুমকি দিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। ছবি : সংগৃহীত
ওটিএন বাংলা রিপোর্ট :
গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে জামিন পেয়ে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় এক গণমাধ্যমকর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ সময় ওই সাংবাদিককে গালিগালাজের পাশাপাশি ‘মার্ডার’ করার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে পরীমনির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, জামিনের পর গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক গণমাধ্যমকর্মীর ওপর ক্ষিপ্ত হন পরীমনি। এ সময় তাঁকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিলি কেন?’
এর জবাবে ওই সাংবাদিক বলেন, ‘আমি কেন আপনার গায়ে হাত দেব?’ এরপর পরীমনিকে ওই সাংবাদিকের দিকে বারবার হাত উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায়। একপর্যায়ে তাঁকে হত্যার হুমকি দিতেও শোনা যায়।

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত
ভিডিওতে পরীমনিকে ওই সাংবাদিকের উদ্দেশে আরও বলতে শোনা যায়, ‘তুমি আমার সঙ্গে সাহস দেখিয়েছ তো…’। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
ঘটনার সময় পরীমনির সঙ্গে থাকা অন্য এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি টেনে হাত ছিলে ফেলছেন।’
তবে সাংবাদিক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি পরীমনিকে বলেন, ‘আমি আপনার গায়ে হাত দিইনি। আপনি আমার ট্রাইপড ভেঙে দিলেন কেন?’
এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগের দিন বুধবার (৪ নভেম্বর) অসুস্থতার কারণে আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছিল।