বিসিজিএস তাজউদ্দীন জাহাজটির নাম পরিবর্তন করা হয়েছে/ ছবি: সংগৃহীত
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একটি জাহাজ থেকে ‘জয় বাংলা’ নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় চার নেতার নামে থাকা আরও চারটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের পুরোনো নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
নাম পরিবর্তনের তালিকায় রয়েছে:
১. বিসিজিএস জয় বাংলা পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা।
২. বিসিজিএস সৈয়দ নজরুল-এর নতুন নাম বিসিজিএস ফিরোজ কবীর।
৩. বিসিজিএস তাজউদ্দীন-এর নতুন নাম বিসিজিএস নুরুল ইসলাম।
৪. বিসিজিএস মনসুর আলী-এর নতুন নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর।
৫. বিসিজিএস কামরুজ্জামান-এর নতুন নাম বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের জাতীয় চার নেতা হিসেবে পরিচিত।