দীপাবলির অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বর্যা। ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা বলিউডে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও পারিবারিক দূরত্বের খবর। তবে সব জল্পনাকে পিছনে ফেলে আবারও একসঙ্গে দেখা গেল অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রায় বচ্চনকে। মুম্বইয়ে পোশাকশিল্পী মণীশ মলহোত্রের দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে হাজির হলেন তারকাদম্পতি। তাঁদের একসঙ্গে উপস্থিতি ঘিরেই শুরু হয়েছে নতুন করে চর্চা।
৫ নভেম্বর মুম্বইয়ে বসেছিল মণীশ মলহোত্রের তারকাখচিত দীপাবলির আসর। বলিউডের একাধিক পরিচিত মুখের ভিড়ে ছিলেন অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, করীনা কপূর খান, সইফ আলি খান, কাজল ও জেনেলিয়া ডি’সুজ়ার মতো তারকারা। তবে অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছে অভিষেক-ঐশ্বর্যার উপস্থিতি।
এ দিন কালো শেরওয়ানিতে সেজেছিলেন অভিষেক। অন্য দিকে, লাল শাড়ি ও সোনালি পাড়ে নজর কেড়েছেন ঐশ্বর্যা। অনুষ্ঠানে একসঙ্গেই প্রবেশ করেন তাঁরা। লাল গালিচায় পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন। আলোকচিত্রীরা দু’জনের আলাদা ছবি তোলার অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি অভিষেক ও ঐশ্বর্যা। বরং একসঙ্গেই ছবি তোলেন তাঁরা।

সকলের নজর কাড়ল অভিষেক -ঐশ্বর্যার রসায়ন। ছবি: সংগৃহীত
ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদম্পতির সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো। তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। এক জন লিখেছেন, দু’জনকে এত খুশি দেখে ভাল লাগছে। আর এক অনুরাগীর মন্তব্য, ২০০৮ সালের সেই পুরনো অভিষেক-ঐশ্বর্যার রসায়ন যেন আবার ফিরে এসেছে। একে অপরের দিকে তাকানোর ভঙ্গিও নজর এড়ায়নি অনুরাগীদের।
উল্লেখ্য, ১৯৯৯-২০০০ সালের একটি ফোটোশুটের সূত্রে পরিচয় অভিষেক ও ঐশ্বর্যার। পরে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। ‘উমরাও জান’, ‘গুরু’ ও ‘ধুম ২’-এর মতো ছবিতে কাজের সুবাদে তাঁদের ঘনিষ্ঠতা আরও বাড়ে। ২০০৭ সালে ঐশ্বর্যাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। ওই বছরের ২০ এপ্রিল মুম্বইয়ে বচ্চন পরিবারের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা।
২০১১ সালে তাঁদের কন্যা আরাধ্যার জন্ম হয়। তবে গত কয়েক বছর ধরেই অভিষেক ও ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছে। তাঁদের বিচ্ছেদ হতে পারে বলেও একাধিকবার জল্পনা ছড়িয়েছে। যদিও বিভিন্ন অনুষ্ঠান ও জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হয়ে বার বার সেই জল্পনাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছেন এই তারকাদম্পতি।
সূত্র: আনন্দবাজার.কম