বাংলাদেশ

মতামতঃ মানিক লাল ঘোষ

​প্রজ্ঞা, সংগ্রাম ও কারাবাস: জন্মদিনে প্রবীণ রাজনীতিক আমির হোসেন আমুর মানবিক মর্যাদা ও মুক্তির দাবি

  • 5:25 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:৫৬ বার
মানিক লাল ঘোষ

​বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মানুষের জীবন কেবল ব্যক্তিগত অর্জন কিংবা ক্ষমতার পালাবদলের গল্প নয়; তাঁদের জীবন জড়িয়ে থাকে একটি জাতির সংগ্রাম, স্বাধীনতার ইতিহাস, রাজনৈতিক আদর্শ এবং প্রজন্মের পর প্রজন্মের পথচলার সঙ্গে। প্রবীণ রাজনীতিক আমির হোসেন আমু তেমনই একজন ব্যক্তিত্ব। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতি, স্বাধিকার আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, পঁচাত্তর-পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠন থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন—বাংলাদেশের রাজনীতির বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত তাঁর দীর্ঘ পথচলা।
​বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচলতা, রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা তাঁকে আওয়ামী লীগের রাজনীতিতে বিশেষ অবস্থানে অধিষ্ঠিত করেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাবরণ, নির্যাতন, প্রতিকূলতা ও নানা সংকট মোকাবিলা করেও তিনি রাজনীতির ময়দান থেকে সরে যাননি।

​১৯৪১ সালের ১৫ নভেম্বর ঝালকাঠির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আমির হোসেন আমু। ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি তাঁর আগ্রহ ও সাংগঠনিক দক্ষতার প্রকাশ ঘটে। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সূচনা। এ সময় তাঁকে কারাবরণও করতে হয়। পরবর্তী সময়ে ভাষা আন্দোলনের চেতনা, ছয় দফা আন্দোলন এবং বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
​

বরিশাল বিএম কলেজের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা অল্প সময়েই কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। ১৯৬৩ ও ১৯৬৪ সালে পরপর দুইবার বিএম কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৬৫ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক এবং ১৯৬৭ সালে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বের যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা সে সময় ছাত্ররাজনীতিতে বিশেষভাবে আলোচিত হয়।
​১৯৬৮ সালের ছাত্রলীগের সম্মেলনে সভাপতি পদে তাঁর সম্ভাবনা নিয়েও আলোচনা ছিল। তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণে উঠে এসেছে, সেই সম্মেলনে আমির হোসেন আমুর সভাপতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। ছাত্ররাজনীতির সেই অধ্যায় অতিক্রম করে তিনি পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

​১৯৭০ সালের নির্বাচনে বরিশাল কোতোয়ালি আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান হিসেবে বৃহত্তর বরিশালসহ বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-রাজাপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর এই ভূমিকা রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।
​১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের রাজনীতিতে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসে। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী অসংখ্য নেতাকর্মীর মতো আমির হোসেন আমুকেও গ্রেফতার করা হয়। দীর্ঘ কারাবাস ও নির্যাতন সহ্য করতে হয় তাঁকে। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি।
​

পঁচাত্তর-পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠন এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে আমির হোসেন আমুর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষে তিনি জোরালো অবস্থান নেন। তাঁর নির্দেশনায় যুবলীগের নেতাকর্মীরা প্রতিকূল পরিবেশেও জনমত গঠনে কাজ করেন। ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর তাঁর নেতৃত্ব প্রতিষ্ঠা এবং আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক প্রক্রিয়ায় আমির হোসেন আমু ছিলেন বিশ্বস্ত সহযাত্রীদের একজন।

​আশির দশকে আওয়ামী লীগের রাজনীতিতে তিনি হয়ে ওঠেন অন্যতম প্রভাবশালী নীতিনির্ধারক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাংগঠনিক ভূমিকা এবং রাজনৈতিক দূরদর্শিতা তাঁকে বিশেষ পরিচিতি দেয়। দলীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাঁর মতামত বিশেষ গুরুত্ব পেত। রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত ছিলেন ‘মিস্টার ডিসিশন’ নামে। ঢাকার নিউ ইস্কাটনের বাসভবনও একসময় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল।
​

শুধু আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি নয়, সহযোগী সংগঠনগুলোর নেতৃত্ব গঠনেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। যুবলীগের অন্যতম প্রতিষ্ঠাকালীন নেতা হিসেবে সংগঠনটির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে আওয়ামী লীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
​

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন মেয়াদে ভূমি, খাদ্য ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২০ সালে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জাতীয় রাজনীতিতে ভূমিকার কারণে তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতৃত্বের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন।
​আমির হোসেন আমুর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অসাম্প্রদায়িক চেতনা এবং নেতৃত্ব নির্বাচনে যোগ্যতার প্রতি গুরুত্ব প্রদান। ব্যক্তিগতভাবে ধর্মপ্রাণ মুসলমান হলেও রাজনৈতিক দর্শনে তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সহাবস্থান এবং মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনার প্রত্যাশা তাঁর রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে।

​তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত রাজনৈতিক সম্পর্কেরও একটি বিশেষ অধ্যায় রয়েছে। ২০00 সালে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে আমাকে ভিপি পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাঁর সমর্থন ও ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে নানা বিরোধিতা সত্ত্বেও তিনি নেতৃত্ব নির্বাচনে যোগ্যতাকে গুরুত্ব দিয়েছিলেন। তাঁর সেই সিদ্ধান্ত আমাদের রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছে। সেই সময় থেকে আমাদের প্রতি তাঁর শ্রদ্ধা, ভালোবাসা ও রাজনৈতিক অনুরাগের সূচনা। সময়ের পরিক্রমায় সেই সম্পর্ক অনেকটা পিতা-পুত্রের স্নেহ ও অভিভাবকত্বের সম্পর্কে পরিণত হয়েছে।
​

বাহ্যিকভাবে গম্ভীর ও স্বল্পভাষী হলেও ব্যক্তিগত আচরণে তিনি অত্যন্ত আন্তরিক। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে আবেগের পরিবর্তে অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার প্রবণতা তাঁর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য নেতাকর্মীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছে। তাঁদের রাজনৈতিকভাবে গড়ে ওঠা এবং সাংগঠনিক দায়িত্ব পালনে উৎসাহিত করার ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছেন।

​২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন বাস্তবতা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আমির হোসেন আমু গ্রেফতার হন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। আজ তাঁর জন্মদিনে একজন প্রবীণ রাজনীতিকের বয়স, শারীরিক অবস্থা, অসুস্থতা, চিকিৎসা এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার মানবিক বিবেচনায় অত্যন্ত গুরুত্ব পাওয়া প্রয়োজন।
​

রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বাস্তবতা। কিন্তু মতপার্থক্যের কারণে কোনো ব্যক্তির মানবিক অধিকার যেন উপেক্ষিত না হয়। অভিযোগের বিচার হোক স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায়। কারাবন্দি অবস্থায় তাঁর প্রয়োজনীয় চিকিৎসা, মানবিক মর্যাদা নিশ্চিত করা এবং তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করা রাষ্ট্রের দায়িত্ব।
​আমির হোসেন আমুর দীর্ঘ রাজনৈতিক জীবনকে কেবল বর্তমান রাজনৈতিক বাস্তবতার আলোকে বিচার করলে তাঁর ইতিহাসের পূর্ণাঙ্গ মূল্যায়ন সম্ভব নয়। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের পুনর্গঠন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জাতীয় রাজনীতির বিভিন্ন পর্যায়ে তাঁর ভূমিকা ইতিহাসের নিরিখে মূল্যায়িত হওয়া প্রয়োজন। ইতিহাসের বিচার তাৎক্ষণিক আবেগ কিংবা রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে হওয়া উচিত।

জন্মদিন তাই শুধু শুভেচ্ছা জানানোর উপলক্ষ নয়, একজন মানুষের দীর্ঘ জীবনের সংগ্রাম, অর্জন ও অবদানের দিকে ফিরে তাকানোরও সময়। এই দিনে আমার প্রত্যাশা, প্রবীণ জননেতা আমির হোসেন আমু সুস্থ থাকুন, প্রয়োজনীয় চিকিৎসা ও মানবিক সুযোগ-সুবিধা পান এবং তাঁর বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া ন্যায়সংগতভাবে সম্পন্ন হোক। জন্মদিনে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
​

রাজনীতির সময় বদলায়, ক্ষমতার পালাবদল ঘটে, ইতিহাসের নানা অধ্যায় নতুন করে আলোচিত হয়। কিন্তু একটি মানুষের দীর্ঘ সংগ্রাম, রাজনৈতিক অবদান ও আদর্শের প্রতি অঙ্গীকারকে একদিনের রাজনৈতিক বাস্তবতা দিয়ে মুছে ফেলা যায় না।​আমির হোসেন আমু বাংলাদেশের রাজনীতির এমনই এক দীর্ঘ পথচলার নাম। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও মানবিক মর্যাদা নিশ্চিত হোক—জন্মদিনে এবং কারাবন্দী দশার এই ক্রান্তিলগ্নে এটাই আমার আন্তরিক প্রত্যাশা।

​(মানিক লাল ঘোষ : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। সাবেক সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ)

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au