টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…
ভাস্কর দত্ত :
গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল ও বিভিন্ন স্থানে হামলার পর নিরাপত্তার কারণে ইতিমধ্যেই এনসিপির অধিকাংশ নেতাকর্মী এলাকা ছেড়ে ঢাকায় চলে গেছেন।
এ পরিস্থিতিতে জেলার তিন সংসদ সদস্যসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের অবস্থান নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সহিংসতার আশঙ্কায় তাঁরাও কি এলাকা ছেড়েছেন এ প্রশ্ন এখন সবার মুখে মুখে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভাঙচুর, সড়ক অবরোধ, জুলাই স্মৃতিস্তম্ভে হামলা এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ও কুশলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপি নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলার অভিযোগ পাওয়া গেছে।
এসব ঘটনার পর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। শনিবার রাত থেকেই এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ ছাড়তে শুরু করেন। রোববার জেলার বিভিন্ন পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী ঢাকায় চলে গেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্যরা হলেন গোপালগঞ্জ-১ আসনের মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা তিনজনই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তারা সবাই বর্তমানে ঢাকায় অবস্থান করছে।
সংসদ সদস্য এস এম জিলানী জানিয়েছেন, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন। বিএনপির কার্যালয়ও হামলা থেকে রেহাই পাচ্ছে না। তাঁর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এ কারণে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

লাঠিসোঁটা, লগি–বইঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে। ছবি : সংগৃহীত
জেলার বিএনপি নেতাদের অবস্থান নিয়েও উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সহিংসতায় দলটির কার্যালয়, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার পর অনেক নেতাকর্মী প্রকাশ্যে চলাফেরা সীমিত করেছেন। স্থানীয় সূত্রের দাবি, কয়েকজন নেতা নিরাপত্তার কারণে গোপালগঞ্জের বাইরে অবস্থান করছেন।
একই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারাও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দলটির কয়েকজন নেতা নিজ নিজ বাড়িতে না থেকে পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সহিংসতা নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র্যাবের সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
এদিকে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রোববার বিকেলে জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনে সরকার। জেলা প্রশাসক আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ।
অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
নতুন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে এখন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বড় দায়িত্ব। রাজনৈতিক কর্মসূচি ঘিরে সংঘাত এড়ানো, হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁদের তাৎক্ষণিক চ্যালেঞ্জ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au