গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?
ভাস্কর দত্ত : গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…
ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণও ঘটায় হামলাকারীরা।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদসংলগ্ন ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ঘটনার সময় অফিসে কয়েকজন কর্মচারী বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ চারজন দুর্বৃত্ত সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এক থেকে দুই মিনিটের মধ্যে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হন।
মাজহারুল ইসলামের দাবি, ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ প্রতিষ্ঠানের মালিক শরিফুল ইসলামকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে দাবিকৃত টাকা দেওয়া হয়নি। চাঁদা না দেওয়ার জেরেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
আহত সাজু আহমেদ জানান, চারজনের মধ্যে তিনজন সরাসরি অফিসে ঢোকে এবং অন্যজন বাইরে অবস্থান করছিল। ভেতরে ঢুকেই তারা কর্মচারীদের উদ্দেশে বলে, ‘তোদের এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেন?’ এরপরই গুলি চালাতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে একজনের ডান পায়ে এবং অন্যজনের বাম হাতে গুলি লেগেছে। তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় রামপুরা থানাকেও অবহিত করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au