গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?
ভাস্কর দত্ত : গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের আট দিনের মাথায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) লুৎফুন নাহারকে প্রত্যাহার করেছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তাঁকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষুব্ধ হন বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে আপত্তি জানিয়ে একপর্যায়ে তাঁরা অনুষ্ঠান বর্জন করেন।
একই অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহারের দেওয়া বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ড, ৩ নভেম্বরের অভ্যুত্থান এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
পরে তাঁর বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘বিএনপি নেটওয়ার্ক-চুয়াডাঙ্গা-২’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওতে জেলা প্রশাসককে বলতে শোনা যায়, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার পরে কয়েকটা মাস আমাদের দেশটা অভিভাবকহীন বিশৃঙ্খল অবস্থায় চলছিল। তারই মধ্যে ৭৫-এর ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। এই তিন তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের কোনো অভিভাবক ছিল না। দেশ ছিল পুরো বিশৃঙ্খল। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ে।’
তাঁর এই বক্তব্য প্রকাশের পর চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত।
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা এবং জেলা প্রশাসকের বক্তব্যের বিভিন্ন অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়।
এসব বিতর্কের আট দিনের মাথায় জেলা প্রশাসককে প্রত্যাহারের আদেশ এল। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁর বদলির সঙ্গে ৭ নভেম্বরের অনুষ্ঠান কিংবা বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের কোনো সম্পর্ক উল্লেখ করা হয়নি।
এদিকে একই প্রজ্ঞাপনে আরও দুটি জেলায় জেলা প্রশাসক পদে রদবদল করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au