গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?
ভাস্কর দত্ত : গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…
রংপুরের তারাগঞ্জে এক যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা এবং একই এলাকার বাসিন্দা।
বাসের যাত্রী ও ঘটনার প্রত্যক্ষদর্শী আতিক বসুনিয়া জানান, বাসে তাঁর কাছে নগদ টাকা ছিল। অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হলেও তাঁকে বাস থেকে নামানো হয়নি। একপর্যায়ে বাসের চালক ও কর্মীরা তাঁকে জিম্মি করেন। এমনকি তাঁর গলায় গামছা পেঁচিয়ে ধরা হয়।
এ সময় বিষয়টি বুঝতে পেরে মুকুল ও শাকিব তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন। তখন বাসের কর্মীরা চলন্ত অবস্থায় তাঁদের লাথি ও ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেন বলে অভিযোগ করেন আতিক।
তিনি আরও জানান, দুই যাত্রীকে ফেলে দেওয়ার পর তিনি চিৎকার শুরু করেন। এ সময় একটি মাইক্রোবাসের চালক ঘটনাটি দেখে সামনে চিকলী এলাকায় গিয়ে বাসটির পথরোধ করেন। পরে স্থানীয় লোকজন এসে বাসটি আটক করেন। তাঁদের দ্রুত পদক্ষেপ না থাকলে তাঁকেও হত্যা করা হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন আতিক।
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিক বসুনিয়ার কাছে নগদ তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ এলাকা অতিক্রম করার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে বাসের কর্মীরা আতিককে জিম্মি করেন। এ সময় মুকুল ও শাকিব প্রতিবাদ করে তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁদের চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সড়ক দুর্ঘটনার কোনো আলামত পায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তাঁরা জানতে পারেন, ওই দুই যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au