বাংলাদেশ

আওয়ামী লীগকে ঠেকাতে কঠোর অবস্থানে সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি

  • 8:04 pm - November 15, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
প্রতীকী ছবি

ওটিএন বাংলা রিপোর্ট :

কার্যক্রম নিষিদ্ধ করা মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ঘিরে কঠোর অবস্থান নিতে যাচ্ছে সরকার। ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা। ঝটিকা মিছিল, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মাঠে থাকার পরিকল্পনা করছে দলগুলো। অন্যদিকে, নাশকতা প্রতিরোধ এবং সন্দেহভাজনদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন বিএনপির নেতাকর্মীরা।

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নামে ঝটিকা মিছিল ও বিভিন্ন ধরনের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সরকারও সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি বাড়াচ্ছে।

এ পরিস্থিতিতে রাজপথে নিজেদের সাংগঠনিক উপস্থিতি জোরালো করছে বিএনপি। রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে। তাঁর এ বক্তব্যে আগামী দিনগুলোতে রাজপথে বিএনপি ও সমমনা দলগুলোর সক্রিয় থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে গতকাল বিকালে রাজধানীর ফার্মগেট হয়ে কাওরান বাজার এলাকাতেও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলায়ও বিএনপির নেতাকর্মীরা কয়েক দিন ধরে নিয়মিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। দলটির স্থানীয় নেতাকর্মীরা নাশকতার সঙ্গে জড়িত কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন বলে জানা গেছে।

বিএনপির পাশাপাশি দলটির রাজনৈতিক মিত্ররাও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। নাশকতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন দল ও জোট। ১২ দলীয় জোট আজ রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে। অন্যদিকে, জাতীয়তাবাদী সমমনা জোট আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে তাঁদের এ মানববন্ধন কর্মসূচি। সামনের দিনগুলোতে বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট। ডিসেম্বর ঘিরে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জোটের নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনাও রয়েছে।

এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় জামায়াতে ইসলামীর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দলটির নেতারা বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

তবে এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে ডিসেম্বরজুড়ে বিএনপির সঙ্গে সমন্বিত কোনো কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। দলটির অবস্থান ও কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা, বিএনপি ও মিত্রদের রাজপথের কর্মসূচি এবং সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ—সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়তে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

 

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au