গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?
ভাস্কর দত্ত : গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…
লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এসব কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে দেশি অস্ত্র দেখা যায়। কারও কারও মাথায় ছিল হেলমেট। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল আটটা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। সেখানে পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তাঁরা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।

লাঠিসোঁটা, লগি–বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে। ছবি: সংগৃহীত
অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্র হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান নেতা-কর্মীরা। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিল নিয়ে যাওয়ার পথে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন নেতা-কর্মীরা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।

লুকিং গ্লাস ভাঙচুরের পর পুলিশের এপিসির গায়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন। এপিসির গায়েও লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।

নিষিদ্ধ দলের মিছিল থেকে জুলাই স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দেওয়া হয়। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। ছবি: সংগৃহীত
এদিকে এ কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তাঁদের তেমন তৎপরতা চোখে পড়েনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au