বাংলাদেশ

আ.লীগ নেতাকর্মীদের ওপর মব: আইন কি নিজের হাতে তুলে নিচ্ছে বিএনপি?

  • 2:58 am - November 16, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার
যুবদল নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করার পর তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ঢাকার আজিমপুরে চারজনকে আটক ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, সন্দেহভাজন ব্যক্তিদের আটক ও পুলিশের হাতে তুলে দেওয়ার দায়িত্ব কি রাজনৈতিক দলের নেতাকর্মীদের?

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দুইজনের শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। পরে একটি স্থানে বসিয়ে তাঁদের চড়-থাপ্পড় ও মারধর করা হয়।

এ ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে। ঘটনার একাধিক ভিডিও এবং ফেসবুক লাইভ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

তবে রবিউল ইসলাম নয়নের দাবি, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে তাঁরা চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তাঁর ভাষ্য, আটক ব্যক্তিরা আজিমপুরে নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিলেন।

নয়ন বলেন, ওই ব্যক্তিরা আওয়ামী লীগের ফিরে আসার বিষয়ে কথা বলছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন তাঁদের চড়-থাপ্পড় মারেন। তিনিও রাগের মাথায় একজনকে চড় মেরেছেন বলে স্বীকার করেন। তবে এটিকে তিনি নিজের ভুল হিসেবেও উল্লেখ করেন।

নাশকতার পরিকল্পনার অভিযোগ, যা বলছেন যুবদল নেতা

রবিউল ইসলাম নয়নের দাবি, গত শুক্রবার আটক চারজনসহ আরও কয়েকজন আজিমপুর সরকারি অফিসার্স কলোনিতে বৈঠক করেন। তাঁদের পরিকল্পনা ছিল, কলোনির গ্যাসের লাইনে আগুন দিয়ে পুরো এলাকায় অগ্নিকাণ্ড ঘটানো।

নয়ন বলেন, এ পরিকল্পনায় শ্রমিক লীগের একজনও যুক্ত ছিলেন। তাঁদের মধ্য থেকেই একজন গোপনে তথ্য সরবরাহ করেন। সেই তথ্যের ভিত্তিতে তাঁরা একটি নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

তবে নাশকতার এ পরিকল্পনার অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনার সময় ধারণ করা ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তিদের একটি স্থানে বসিয়ে নয়নের সহযোগীরা চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারছেন।

অন্যদিকে, রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কচুয়ার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁদের দিনের আলোতেই ধরে নিয়ে যেতে দেখা যায়। অন্যদিকে যুবদল নেতা নয়ন দাবি করছেন, তাঁরাই তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন বিবিসি বাংলাকে বলেন, ‘আমরাই অভিযান চালিয়ে ধরেছিলাম। পরবর্তীতে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছে। পুরোটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না।’

রোববার গোপালগঞ্জে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

আগের দিনও সাবেক ছাত্রলীগ নেতাকে পুলিশের হাতে তুলে দেন নয়ন

এর আগের দিন শুক্রবার রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায়ও রবিউল ইসলাম নয়নের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনজীবীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এ বিষয়ে নয়নের দাবি, মহিউদ্দিন আহমেদ রুদ্র বিভিন্ন ধরনের নাশকতায় উৎসাহ দিতেন এবং এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জামিনে মুক্ত করতে সহায়তা করতেন। এ কারণেই তাঁকে আটক করে থানায় দেওয়া হয়েছে।

নয়ন বলেন, পুলিশ আসতে দেরি করায় তাঁরা নিজেরাই রুদ্রকে থানায় নিয়ে যান। তবে তাঁর গায়ে কোনো ধরনের হাত দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

যুবদলের এই নেতা আরও দাবি করেন, তাঁর গড়ে তোলা একটি নেটওয়ার্কের মাধ্যমে কামরাঙ্গীরচর, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে মারধর করা হয়নি বলে দাবি তাঁর।

নয়নের অভিযোগ, ঢাকা মহানগর পুলিশসহ বর্তমান পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের লোকজন রয়েছেন। এ কারণে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করছেন তাঁরা।

বিএনপি বলছে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না

আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধরের ঘটনায় বিএনপির অবস্থান জানতে চাইলে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নাশকতার কোনো তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের।

তিনি বলেন, ‘আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না।’

রিজভী আরও বলেন, নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। দলের পক্ষ থেকে নেতাকর্মীদের এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়ানোর নির্দেশনা দেওয়া হয়নি। কেউ এমন কিছু করলে তাঁকে নিরুৎসাহিত করা হবে।

এদিকে শনিবারের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার।

গত সেপ্টেম্বরে ঢাকার মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনার অভিযোগে একজন এমপি পদত্যাগে বাধ্য হন। ছবি: সংগৃহীত

আবারও আলোচনায় মব সহিংসতা

বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় একের পর এক মব সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর এসব ঘটনা কমে আসবে বলে প্রত্যাশা করা হলেও এখনো তা নিয়ন্ত্রণে আসেনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি বিভিন্ন সময়ে মব সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে সেই হুঁশিয়ারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কয়েক মাস আগে তাঁর দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর গত কয়েক দিনে বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতার খবর সামনে এসেছে।

কোথাও কোথাও অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায়ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতার মধ্যেই প্রতিপক্ষকে আটক ও মারধরের ঘটনাগুলো সামনে আসছে।

তবে রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করবে বিএনপি। কোনো গোপন তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে। দলের নেতাকর্মীদের এ ধরনের কাজে জড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে।

ক্ষমতার প্রভাবেই বাড়ছে মব সহিংসতা?

অপরাধ বিশ্লেষকদের মতে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া এবং ক্ষমতার প্রভাব ব্যবহারের প্রবণতা থেকে রাজনৈতিক মব সহিংসতার ঘটনা বাড়ছে। নিজেদের ক্ষমতাবান মনে করে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নিচ্ছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক উমর ফারুক বলেন, ‘এখন যারা নিজেদের ক্ষমতাবান মনে করে এবং প্রতিপক্ষকে দুর্বল মনে করে, সেই অবস্থান থেকে অনেকে মব ভায়োলেন্সের পথে হাঁটছে। বিশেষ করে পলিটিক্যাল মব ভায়োলেন্সটা বেশি হচ্ছে।’

তাঁর মতে, এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে দেশে অপরাধপ্রবণতা ও সামাজিক বিশৃঙ্খলা আরও বাড়তে পারে।

রাজনৈতিক পরিচয় বা অপরাধের অভিযোগ যা-ই থাকুক, কাউকে আটক করা, জিজ্ঞাসাবাদ করা এবং আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা অব্যাহত থাকলে আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?

ভাস্কর দত্ত :  গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…

টুঙ্গিপাড়ায় পৌর বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায়…

ব্যানারে জিয়ার ছবি নেই, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য, চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র…

ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঢাকার রামপুরায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় ককটেল…

পাঁচ মার্কিন নাগরিকের ঢাকায় আগমনের মধ্যেই দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বাংলাদেশে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার পরিস্থিতির বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারির আগমন এবং ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের…

লাদাখে উত্তেজনার মধ্যে ৬০ দিনের জন্য গৃহবন্দি সোনম ওয়াংচুক

ভারতের লাদাখে পরিবেশ ও রাজনৈতিক অধিকার নিয়ে আন্দোলনকারী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে প্রশাসন। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর রাঞ্চো চরিত্রের অনুপ্রেরণা হিসেবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au