বাংলাদেশ

শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা, বাংলাদেশজুড়ে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ

  • 11:03 pm - November 18, 2026
  • পঠিত হয়েছে:৯ বার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে উত্তেজনার মধ্যে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের খবরের পর বাংলাদেশে নিরাপত্তা অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী মাসে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনার মধ্যে বাংলাদেশজুড়ে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে যানবাহনে হামলার পর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার শিকার যানবাহনের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার গাড়িও রয়েছে।

সর্বশেষ গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভকারীদের হামলায় উপপুলিশ কমিশনারের (ডিসি) একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এর মধ্যে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জও রয়েছে। এসব ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ, লাঠিচার্জ ও গ্রেপ্তারের মতো পদক্ষেপ নিয়েছে।

অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায়ের মুখে শেখ হাসিনা

এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশে গুরুতর আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় একটি বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে বাংলাদেশ।

গত সপ্তাহে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রত্যর্পণের আবেদনকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাস থেকে নিজের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পঞ্চম দফা বৈঠক স্থগিত হওয়া সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছে ভারত।

১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করা হয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ভারত।

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এ লক্ষ্যেই বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামোবদ্ধ প্রক্রিয়ার আওতায় উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’

স্থগিত হওয়া কনস্যুলার সংলাপের বৈঠক নতুন করে আয়োজন করা হবে বলেও জানান তিনি। দুই দেশের সম্মতিতে সুবিধাজনক তারিখ নির্ধারণের পর সংশোধিত সফরসূচি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে রাজনৈতিক কৌশল বলছে বিএনপি

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চাওয়ার খবরকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি। দলটির দাবি, দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, শেখ হাসিনাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে তাঁর কোনো ভূমিকা থাকবে না।

তিনি বলেন, ‘পাসপোর্ট চাওয়ার মতো পদক্ষেপের মাধ্যমে শেখ হাসিনা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ এসব কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে। তিনি বাংলাদেশে গণহত্যা চালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দেশে ইতিমধ্যে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে যে, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকা প্রত্যাখ্যাত হয়েছে।’

খোকন আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গুম, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ফলে বাংলাদেশের রাজনীতিতে তাঁর আর ফিরে আসার সুযোগ নেই।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে চলমান ইতিবাচক পরিবর্তন বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য ও বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

খায়রুল কবির খোকনের ভাষ্য, ‘এই ইতিবাচক পরিবর্তন সহ্য করতে না পেরে তিনি রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন এবং ভিত্তিহীন বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে তাঁর কোনো ভবিষ্যৎ নেই। জনগণ ইতিমধ্যে তাঁকে প্রত্যাখ্যান করেছে।’

এই শাখার আরও খবর

সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলীয় সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা…

মালিবাগ ফ্লাইওভারের বিমে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

ঢাকার মালিবাগ ফ্লাইওভারের একটি বিমের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে অসুস্থতাজনিত কারণে ওই…

থানার কার্যক্রম বন্ধ, টুঙ্গিপাড়া যেন এক যুদ্ধ বিধ্বস্ত নগরী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে পুলিশের কার্যক্রম। হামলার সময় প্রাণ বাঁচাতে থানা ছেড়ে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। আগুনে…

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়। বুধবার (১৮…

নবাবগঞ্জে দরবার ও মসজিদে হামলার অভিযোগ, ২১ নভেম্বরের সমাবেশ বন্ধের দাবি মানবাধিকার সংস্থার

ঢাকার নবাবগঞ্জে একটি পরিবারের বসতবাড়ি, মসজিদ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস…

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার তদন্ত চায় জাতিসংঘ, শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকারের কথাও তুলে ধরেছে সংস্থাটি। তবে বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au