প্রধানমন্ত্রী—আপনি কত মাথা গুঁড়িয়ে দিতে চান?
গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন মতাদর্শের মানুষের সহাবস্থান অত্যন্ত স্বাভাবিক বিষয়। মতের অমিল থাকতেই পারে। রাজনৈতিক বিরোধও চলতে পারে। কিন্তু তাই বলে ভিন্নমতের মানুষের মাথা গুঁড়িয়ে দেওয়ার…
শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে অগ্নিসংযোগ; পৃথক ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানী ঢাকার তিনটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে এক নারীসহ চারজন আহত হয়েছেন। এ ছাড়া পৃথক ঘটনায় ককটেল হামলার প্রস্তুতি ও বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট কিচেন মার্কেটসংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, খিলগাঁও ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা একটি ককটেল ছুড়ে মারে। সেটি সড়কে বিস্ফোরিত হলে পাশে থাকা চায়ের দোকানের মালিক নাসিমা বেগম গুরুতর আহত হন। তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্যামপুরের দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
শ্যামপুর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় হৃদয় নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাঁকে থানায় নেওয়া হয়। তাঁর পরিচয় ও বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার বিস্তারিত তখনও জানা যায়নি।
রাত ১০টার দিকে শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আরও তিনজন আহত হন।
শেরেবাংলা নগর থানার ওসি মুহাম্মদ শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ট্রাকস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন।
মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ট্রাকস্ট্যান্ডের সামনে পার্ক করা একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। স্ট্যান্ডসংশ্লিষ্ট কারও সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ঘটনার সময় সেখানে সাতজন নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন। তাঁদের ধারণা, বাইরের কারও পক্ষে ট্রাকে আগুন দেওয়ার সুযোগ ছিল না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তরখানে ককটেল হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি। (সংগৃহীত ছবি)
এদিকে রাজধানীর বসুন্ধরা ও উত্তরখান এলাকায় ককটেল হামলার প্রস্তুতি এবং বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোহাম্মদ দীপু তালুকদার (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভাটারা থানা-পুলিশ। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তাঁর কাছ থেকে টেপ দিয়ে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
অন্যদিকে উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেলাল মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উত্তরখানের ওজাপাড়া এলাকায় রিপন হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে ২৫ থেকে ৩০ জনের একটি দল ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বাড়ির প্রবেশপথের পাশের দেয়ালে আঘাত করে বিস্ফোরিত হয়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় রবিউল ইসলামের সংশ্লিষ্টতার তথ্য পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাগুলোর তদন্ত চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au