খেলা

পিএসএলে মলিন সাকিব আল হাসান

  • 4:26 pm - May 19, 2025
  • পঠিত হয়েছে:২২১ বার

প্রায় ছয় মাস পর ম্যাচ খেলতে নেমে ভালো করতে পারেননি সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে আউট হন প্রথম বলেই। বল হাতে খরুচে বোলিংয়ে পাননি কোনো উইকেট। তার দল লাহোর কালান্দার্স অবশ্য জয় পেয়েছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের সাবেক দল পেশাওয়ার জালমির বিপক্ষে দুই ওভারে দুই ছক্কা হজম করে ১৮ রান দিয়েছেন সাকিব। ২৬ রানের জয়ে আসরের প্লেঅফে উঠেছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর।

রাওয়ালপিন্ডিতে রোববার বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে লাহোর করে ৮ উইকেটে ১৪৯ রান। ফাখার জামানের ৭ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৬০ রান ছাড়া আর কেউ পঁচিশ পর্যন্তও যেতে পারেননি।

জবাবে পেশাওয়ার ৮ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি। এই হারে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটির।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন একাদশ ওভারে। পেসার আহমেদ দানিয়েলের লেগ স্টাম্পের বাইরের বল র‍্যাম্প শট খেলার চেষ্টায় পারেননি তিনি, এ যাত্রায় যদিও ওয়াইড হয় বলটি।

পরের বলে আবার র‍্যাম্প খেলতে যান তিনি, এবারও ব্যাট ছোঁয়াতে পারেননি, স্লোয়ার বল ছোবল দেয় মিডল স্টাম্পে। এক বলে শূন্য রানে আউট হয়ে হতাশায় মাঠ ছাড়েন সাকিব।

চার ওভারের পাওয়ার প্লের শেষ ওভারে, শেষ দুই বলে সালমান মির্জার দুই উইকেটের পর পঞ্চম ওভারে বল হাতে পান সাকিব। পেশাওয়ারের স্কোর তখন ৩ উইকেটে ৩৫।

আঁটসাঁট বোলিংয়ে সাকিবের ওই ওভার থেকে আসে কেবল পাঁচটি সিঙ্গল। এর মধ্যে বাবর আজম চার বল খেলে নিতে পারেন তিন রান।

পরের ওভারে বাবরকে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

সাকিব আবার বোলিং পেতে পেতে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় পেশাওয়ার। দশম ওভারে যখন বোলিংয়ে ফেরেন তিনি, পেশাওয়ারের স্কোর ৭ উইকেটে ৭১।

এই ওভারে সাকিব দেন ১৩ রান। যার বলে আউট হয়েছিলেন তিনি, সেই দানিয়েল পরপর দুটি ছক্কা মারেন তাকে।

পেশাওয়ারের কেউ ত্রিশ রানও করতে পারেননি। ৩১ রানে ৪ উইকেট নিয়ে লাহোরের সফলতম বোলার বাঁহাতি পেসার সালমান মির্জা।

এই ম্যাচের আগে সবশেষ গত ৩০ নভেম্বর আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব। স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেছিলেন সেপ্টেম্বরের শেষে ভারত সফরে বাংলাদেশের হয়ে টেস্টে।

গত কয়েক মাসে মাঠের বাইরে থাকার সময়টায় ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ ছিলেন তিনি। পরে অ্যাকশন শুধরে ফিরেছেন।

পিএসএলের নিলামে এবার দল না পেলেও টুর্নামেন্টটি স্থগিত হওয়ার পর পুনরায় শুরুর পালায় সাকিবকে দলে নেয় লাহোর।

আট বছর পর এবার পিএসএলে খেলছেন তিনি। আগে দুবার খুব সুখকর ছিল না তার অভিজ্ঞতা। ২০১৬ আসরে করাচি কিংসের হয়ে ৮ ইনিংসে ১৮ গড়ে রান করেছিলেন ১২৬, ওভারপ্রতি ৭.৯৫ রান দিয়ে উইকেট নিতে পেরেছিলেন ৩টি। ২০১৭ আসরে পেশাওয়ার জালমির হয়ে ৫ ইনিংসে ৫৫ রান করেন ১৩.৭৫ গড়ে, ৫টি উইকেট শিকার করেন ওভারপ্রতি ৭.২৬ রান দিয়ে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au