বাংলাদেশ

রংপুরে হিন্দু পল্লিতে হামলা: কিশোরগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতেই জড়ো হন হামলাকারীরা

  • 6:14 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
গ্রামে এখনও আতঙ্ক কাটেনি; ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ৩১ জুলাই-  বাংলাদেশের রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামের হিন্দু পল্লিতে সাম্প্রতিক হামলার ও লুটপাটের ঘটনায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের নিষ্ক্রিয়তা ও আশঙ্কাজনক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তারের পর ওই গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনা ঘটে। হামলার আগে সংগঠিত মিছিলের উৎপত্তি স্থলে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ উপস্থিত থাকলেও তারা শুরুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং বিশেষ করে কিশোরগঞ্জ থানা পুলিশের নীরবতায় হামলাকারীরা উৎসাহিত হয়েছে। তীব্র আতঙ্কে রয়েছেন স্থানীয় হিন্দু পরিবারগুলো। এ ঘটনায় দায়ীদের বিচার এবং পুলিশের ভূমিকায় তদন্ত দাবি করেছেন স্থানীয় মানবাধিকার কর্মী ও সাংবাদিক নেতারা।

২৬ জুলাই রাতে ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে রঞ্জন রায় নামের এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। অথচ তার পরিবারের দাবি, এটি পরিকল্পিত ষড়যন্ত্র— ভুয়া আইডি খুলে উদ্দেশ্যমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে। গ্রেপ্তারের পরও উত্তেজনা প্রশমনের বদলে তা আরও উসকে ওঠে। ২৬ জুলাই(শনিবার)  রাতে ২ দফায় হামলা করার পর পরদিন(রবিবার) বিকেলে হাজারো মানুষ কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আলদাদপুরে প্রবেশ করে। পুলিশের সামনেই ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, অথচ তারা নির্লিপ্ত ভূমিকা পালন করে। ক্ষতিগ্রস্ত হয় অন্তত ১৫টি পরিবারের ২২ টি ঘর।

ঘটনাস্থলে উপস্থিত গঙ্গাচড়া থানা পুলিশ সদস্যরা হামলাকারীদের ঠেকাতে ব্যর্থ হয়। হামলা ঠেকাতে গিয়ে একজন পুলিশ সদস্য হামলাকারীদের আক্রমণের শিকার হন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। তারপরও হামলা চলতে থাকে। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, যেখানে মাইকিং করে সকাল থেকে লোকজন জড়ো করা হয়েছে সেই এলাকাটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বাংলা বাজার এলাকা। মিছিলের সময় সেখানে কিশোরগঞ্জ থানার ৪-৫ জন পুলিশ ছিল। কিন্তু তারা হিন্দু গ্রামটিতে আসা আটকায়নি। অথবা এদিকে আমাদের খবরও দেয়নি। খবর দিলে সেনাবাহিনী আগেই আসতো। তখন হামলা হতো না।

নীলফামারীর কিশোরগঞ্জ থানার ওসি মো. আশরাফুল ইসলাম। ছবি: সংগৃহীত

এ ঘটনায় কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলামের বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ উঠেছে। হামলার তদন্তে গিয়ে সাংবাদিকরা কিশোরগঞ্জ থানায় গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে ওসি আশরাফুল ইসলাম তাঁদের লাঞ্ছিত করেন, গালিগালাজ ও গ্রেপ্তারের হুমকি দেন। পরবর্তীতে একজন এসআই দুই সাংবাদিককে নিরাপদে সরিয়ে নিলেও ওসি গালিগালাজ অব্যাহত রাখেন।

রংপুর সাংবাদিক ইউনিয়ন ওসির এধরনের আচরণকে ‘গণমাধ্যমের কণ্ঠরোধ’ এবং ‘ফ্যাসিস্ট আচরণ’ হিসেবে আখ্যা দিয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে হামলার ঘটনায় অজ্ঞাত ১২০০ জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা হয় গঙ্গাচড়া থানায়। ওই মামলায় যৌথবাহিনী এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। সর্বশেষ তাদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au