সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে রান পাহাড়ে নিউজিল্যান্ড

  • 1:21 pm - August 09, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার
কিউই তিন ব্যাটারের সেঞ্চুরি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ আগস্ট-৯১ ওভারে ৪২৭ রান, উইকেট স্রেফ দুটি। এতেই পরিষ্কার, দিনটা কতটা দুর্বিষহ কেটেছে জিম্বাবুয়ের বোলারদের। তাদের চোখের জল নাকের জল এক করে দেড়শ ছোঁয়া ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যান। কিউইদের সংগ্রহ ছাড়িয়েছে ছয়শ আর লিড পৌঁছে গেছে পাঁচশর কাছে।

বুলাওয়ায়োতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৬০১। প্রথম দিন জিম্বাবুয়েকে ১২৫ রানে গুটিয়ে দেওয়া সফরকারীরা এগিয়ে আছে এখন ৪৭৬ রানে।

এই দুই দলের মধ্যে টেস্টে প্রথম ছয়শ রানের দলীয় স্কোর এটি। ২০১৬ সালে একই মাঠে নিউজিল্যান্ডের ৪ উইকেটে ৫৮২ ছিল আগের সর্বোচ্চ।

টেস্ট ক্রিকেটে আড়াই বছরের সেঞ্চুরি খরা কাটিয়ে ১৫৩ রানের ইনিংস খেলেছেন ওপেনার কনওয়ে। তার ২৪৫ বলের ইনিংস গড়া ১৮ চারে।

দুই বছরের বেশি সময় পর সেঞ্চুরির দেখা পেয়ে ২৪৫ বলে ১৫০ রানে খেলছেন হেনরি নিকোলস। বিধ্বংসী ব্যাটিংয়ে ২১ চার ও ২ ছক্কায় ১৩৯ বলে ১৬৫ রান করে অপরাজিত আছেন রাচিন রাভিন্দ্রা।

এই দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ২৮৫ বলে ২৫৬। এক ইনিংসে তিন ব্যাটসম্যানের দেড়শ ছোঁয়ার তৃতীয় নজির এটি। এর আগে ১৯৩৮ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ও ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কানপুর টেস্টে ভারতের তিন জন করে ব্যাটসম্যান পেয়েছিলেন এই স্বাদ।

জিম্বাবুয়ের হয়ে রান দেওয়ার সেঞ্চুরি করেছেন তিন জন বোলার। ব্যাটিং সহায়ক উইকেটে ১ উইকেটে ১৭৪ রান নিয়ে শুক্রবারের খেলা শুরু করে নিউ জিল্যান্ড। আগের দিন ৭৯ রানে অপরাজিত কনওয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন ১৪৩ বলে।

২০২৩ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে ১২২ রানের পর এই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। চলতি সিরিজে প্রথম টেস্টে ৮৮ রানে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

অভিষিক্ত জ্যাকব ডাফি বেশিদূর যেতে পারেননি (৫৫ বলে ৩৬)। দেড়শ ছোঁয়ার পরপরই ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে যান কনওয়ে। তৃতীয় উইকেটে নিকোলসের সঙ্গে ১১০ রানের জুটি গড়েন তিনি।

দিনের বাকি সময়টায় রাজত্ব করেন নিকোলস ও রাভিন্দ্রা। শুরু থেকে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে রাভিন্দ্রা ফিফটি পূর্ণ করেন ৪৮ বলে। ৭৬ বলে পঞ্চাশ ছোঁয়া নিকোলস সেঞ্চুরিতে পা রাখেন ১৬৬ বলে।

তার দশম টেস্ট সেঞ্চুরি এটি। ২০২৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে অপরাজিত ডাবল সেঞ্চুরির পর এই প্রথম তিন অঙ্কের দেখা পেলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরেন তিনি দেড় বছর পর।

২৫ বছর বয়সী রাভিন্দ্রা সেঞ্চুরি পূর্ণ করেন ১০৪ বল খেলেই। ক্যারিয়ারের প্রথম তিনটি টেস্ট সেঞ্চুরি তিনি করলেন ভিন্ন তিন দেশে।

একশ থেকে রাভিন্দ্রার দেড়শতে পৌঁছাতে লাগে স্রেফ ২৯ বল। নিকোলস দেড়শ পূর্ণ করেন ২৩৯ বলে। নিউজিল্যান্ড পাঁচশ থেকে ছয়শতে পৌঁছে যায় ১২ ওভারের মধ্যেই।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১২৫

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ১৭৪/১) ১৩০ ওভারে ৬০১/৩ (কনওয়ে ১৫৩, ডাফি ৩৬, নিকোলস ১৫০*, রাভিন্দ্রা ১৬৫*; মুজারাবানি ২৪-৫-১০১-১, চিভাঙ্গা ১৭-৩-৯৪-০, গুয়ান্ডু ১৯-০-১৩১-১, উইলিয়ামস ১৪-১-৩৭-০, মাসেকেসা ১৯-০-১০৪-১, রাজা ২৬-৩-৭৩-০, বেনেট ১১-০-৪৩-০)

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au