সর্বশেষ

হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিউক্যাসেলকে ৩-২ গোলে হারালো লিভারপুল

  • 1:26 pm - August 26, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
৫ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ১০ জনের নিউক্যাসলকে হারাল লিভারপুল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ আগস্ট-৯৬ মিনিটে বদলি নেমে ১০০ মিনিটে গোল করে লিভারপুলকে জেতালেন প্রিমিয়ার লিগে অভিষিক্ত ১৬ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।

কী শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের সাক্ষী হলো সেন্ট জেমস পার্ক। দুটি বড় সুযোগ নষ্টের পর, অ্যান্থনি গর্ডন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও হাল ছাড়ল না নিউক্যাসল ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে লিভারপুলের বিপক্ষে দারুণ লড়াই করল তারা। দুই গোলের ব্যবধান ঘুচিয়ে জাগাল পয়েন্ট পাওয়ার আশা। কিন্তু ৯৬ মিনিটে বদলি নেমে ১০০ মিনিটে গোল করে সব হিসাবনিকাশ বদলে দিলেন লিভারপুলের ১৬ বছর বয়সী ফরোয়ার্ড রিও নোমোহা।

প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে লিভারপুল।

রায়ান গ্রাভেনবার্চ ও উগো একিতিকের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর নিউক্যাসলের ঘুরে দাঁড়ানোর শুরু অধিনায়ক ব্রুনো গিমারাইসের গোলে। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরলাইন ২-২ করেন উইলিয়াম ওসুলা। তবে ১১ মিনিট যোগ করা সময়ের দশম মিনিটে গোল করে শিরোপাধারীদের নাটকীয় জয় এনে দেন নোমোহা।

প্রিমিয়ার লিগে অভিষেকের উপলক্ষটা এর চেয়ে ভালো আর হতে পারত না তার। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার (১৬ বছর ৩৬১ দিন) চেয়ে কম বয়সে গোল আছে কেবল তিন জনের।

জয় পেলেও এ দিন চেনা চেহারায় দেখা যায়নি লিভারপুলকে। ৬২ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে আর্না স্লটের দল। নিউক্যাসলের ১০ শটের ৩টি লক্ষ্যে ছিল।

ছন্দ পেতে ভুগলেও প্রথম ভালো সুযোগটি পায় লিভারপুল। গ্রীষ্মের দলবদলে ১০ কোটি পাউন্ডের বিনিময়ে অ্যানফিল্ডে নাম লেখানো ফ্লোহিয়ান ভিয়েৎসের ত্রয়োদশ মিনিটে নেওয়া শট দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক নিক পোপ।

প্রথম আধা ঘণ্টার শেষ দিকে তিন মিনিটের মধ্যে দুটি সুবর্ণ সুযোগ পান নিউক্যাসলের গর্ডন। প্রথমবার সতীর্থের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি। পরেরবার কাছ থেকে ঠিকমতো শট নিতে পারেননি এই ইংলিশ উইঙ্গার।

৩৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। কোডি হাকপোর পাসে বক্সের বাইরে থেকে গ্রাভেনবার্চের নিচু শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে একটু দিক পাল্টে পোস্টে লেগে জালে জড়ায়।

৪১ ম্যাচের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন নেদারল্যান্ডসের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লিগে সবশেষ তিনি গোল করেছিলেন ২০২৪ সালের এপ্রিলে, ফুলহ্যামের বিপক্ষে।

লিভারপুল জালের দেখা পেল এই নিয়ে টানা ৩৬টি লিগ ম্যাচে। একই সঙ্গে প্রিমিয়ার লিগে ক্লাব রেকর্ড টানা ২২টি অ্যাওয়ে ম্যাচে গোল করল তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় নিউক্যাসল। লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইককে পেছন থেকে বাজেভাবে ফাউল করেন গর্ডন। ভিএআরে মনিটরে রিপ্লে দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

প্রিমিয়ার লিগে নিউক্যাসলের সবশেষ তিনটি লাল কার্ডের দুটিই দেখলেন গর্ডন। গত বছরের মার্চে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে এই তেতো অভিজ্ঞতা হয়েছিল তার।

প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে দ্বিতীয়ার্ধের ২৩ সেকেন্ডের মাথায় ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। বক্সে হাকপোর পাসে নিচু শটে লক্ষ্যভেদ করেন একিতিকে।

২৩ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার লিগে দুই ম্যাচে দুটিসহ লিভারপুলের জার্সিতে তিন ম্যাচে গোল করলেন তিনটি।

৫৭ মিনিটে ব্যবধান কমিয়ে নিউক্যাসলকে লড়াইয়ে রাখেন ব্রুনো গিমারাইস। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে লাফিয়ে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

ওই গোল পাওয়ার পর আরও উজ্জীবিত হয়ে আক্রমণ করতে থাকে নিউক্যাসল। সেটিরই সুফল মেলে ৮৮তম মিনিটে। মাঝমাঠের কাছাকাছি থেকে নিউক্যাসল গোলরক্ষক পোপের ফ্রি-কিকে বক্সের বাইরে লিভারপুলের এক ডিফেন্ডারের পিঠে হালকা ছুঁয়ে যাওয়া বল ছুটে গিয়ে জালে পাঠান ওসুলা।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে হাকপোর বদলি হিসেবে নোমোহাকে নামান লিভারপুল কোচ। দশম মিনিটে মোহামেদ সালাহর পাস বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে জালে পাঠিয়ে উল্লাসে মেতে ওঠেন এই ইংলিশ ফরোয়ার্ড।

দুই ম্যাচের দুটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে আছে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে টটেনহ্যাম হটস্পার দুইয়ে ও আর্সেনাল শীর্ষে আছে।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au