সর্বশেষ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে দুই শিশু নিহত, আহত ১৭

  • 4:47 am - August 28, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে এক ক্যাথলিক স্কুল ও চার্চে বন্দুকধারীর গুলিতে দুই শিশু নিহত হয়েছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৮ আগষ্ট- যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে এক ক্যাথলিক স্কুল ও চার্চে বন্দুকধারীর গুলিতে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন, যাদের মধ্যে ১৪ জনই শিশু। বুধবার সকালে মিসার সময় এ হামলা চালানো হয়। পরে হামলাকারী নিজের গুলিতে নিজেই আত্মহত্যা করে।

পুলিশ জানিয়েছে, কালো পোশাক পরিহিত হামলাকারীর বয়স কুড়ির কোঠায়। সে একটি রাইফেল, শটগান ও পিস্তল দিয়ে চার্চের জানালা ভেদ করে একাধিক রাউন্ড গুলি চালায়। নিহত দুই শিশুর বয়স আট ও ১০ বছর। স্থানীয় হাসপাতালে আহত ১৫ শিশু ও দুই প্রাপ্তবয়স্ক চিকিৎসাধীন রয়েছেন।

মিনিয়াপলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা বলেছেন, “এটি ছিল নিরীহ শিশু ও প্রার্থনাকারীদের ওপর উদ্দেশ্যমূলক হামলা। শিশুদের ভর্তি চার্চে এভাবে গুলি চালানো অকল্পনীয় নিষ্ঠুরতা ও কাপুরুষতা।”

ঘটনাস্থল অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলটি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করে। এ স্কুলে মাত্র দুই দিন আগে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছিল। স্থানীয় টেলিভিশনে দেখা গেছে, অভিভাবকেরা পুলিশ টেপের নিচ দিয়ে শিশুদের নিরাপদে বাইরে বের করে নিচ্ছেন।

হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। পুলিশ বলছে, তার বড় কোনো অপরাধের ইতিহাস নেই এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। অনলাইনে কিছু ভিডিও পাওয়া গেছে, সেগুলোও তদন্ত করা হচ্ছে।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ একে “ভয়াবহ সহিংসতা” বলে মন্তব্য করেছেন। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এখন শুধু প্রার্থনার কথা বললে চলবে না। শিশুরা সত্যিই প্রার্থনা করছিল। নতুন শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে তারা চার্চে ছিল।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “এ ঘটনায় জড়িত সবাইকে নিয়ে প্রার্থনা করুন।” দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
পুলিশ বলছে, মঙ্গলবার বিকেল থেকে মিনিয়াপলিসে আরও তিনটি গুলির ঘটনা ঘটেছে। তাতে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। তবে স্কুলে হামলার সঙ্গে ওই ঘটনাগুলোর সম্পর্ক নেই।

সাম্প্রতিক বছরগুলোতে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর মিনিয়াপলিসে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। গত বছর শহরে ৫৪টি হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। যদিও ২০২১ সালের তুলনায় তা কম, তবে ২০১৯ সালের চেয়ে দ্বিগুণেরও বেশি।
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি চালানোর ঘটনা নিয়মিত ঘটছে। চলতি বছরই এখন পর্যন্ত ১৪০টিরও বেশি এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কে-১২ স্কুল শুটিং ডেটাবেইস।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার অভিযুক্ত

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হোটেলের ইজারা ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক…

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ…

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক, প্রতিবাদের মুখে ছাড়া পেলেন দীপক শীল

ওটিএন বাংলা রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au