দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য শ্রেণিকক্ষে অপেক্ষা করছেন। সবার ডেস্কেই মোবাইল দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
মেলবোর্ন, ৩০ আগষ্ট- দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে একটি নতুন বিল পাস হওয়ায় আগামী বছর থেকে শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন আসক্তি কমানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ন্ত্রণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, বুধবার পাস হওয়া এই বিল আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে। এতে শ্রেণিকক্ষে মোবাইল ফোনসহ সব ধরনের স্মার্ট ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা বা নির্দিষ্ট শিক্ষামূলক প্রয়োজনে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
বিশ্বের সবচেয়ে প্রযুক্তিনির্ভর ও ইন্টারনেটবান্ধব দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। তবে শিক্ষার্থীদের ‘স্মার্টফোন আসক্তি’ নিয়ে বাড়তে থাকা উদ্বেগ থেকে সরকার স্কুলে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার সীমিত করার পথে এগিয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল।
বিরোধীদল পিপল পাওয়ার পার্টির সদস্য চো জাং-হান এই বিলটি উত্থাপন করেন। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কার কারণে বিষয়টি এতদিন ঝুলে ছিল। তবে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন সাম্প্রতিক সময়ে অবস্থান বদলে জানিয়েছে, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব পড়ায় এমন বিধিনিষেধ মানবাধিকার লঙ্ঘন নয়।
তবে আইনটি নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। বামপন্থি জিনবো পার্টি বলেছে, এই আইন শিক্ষার্থীদের ডিজিটাল অধিকার ও শিক্ষার অধিকারকে ক্ষুণ্ন করছে। দলটির দাবি, এভাবে কিশোর-কিশোরীরা দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া ও ডিজিটাল পরিবেশে খাপ খাওয়ানোর সুযোগ থেকে বঞ্চিত হবে।
সুত্রঃ রয়টার্স