ডালাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর টেক্সাসের ডালাস ফিল্ড অফিসে এক বন্দুক হামলায় অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরে হামলাকারী নিজেই গুলি করে আত্মহনন করেন। ঘটনাটি ঘটেছে বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে উত্তর-পশ্চিম ডালাসে।
ফিল্ড অফিসে অভিবাসীদের প্রাথমিক প্রক্রিয়াকরণ চলাকালে এই হামলা চালানো হয়।স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়াকরণ করা হচ্ছিল, তাদের ওপরেই হামলা হয়।পরে হামলাকারীর লাশ কাছের একটি ভবনের ছাদে পাওয়া যায়।
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের সচিব ক্রিস্টি নোম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এ ঘটনায় একাধিক আহত ও নিহত হয়েছেন, আর হামলাকারী মৃত।”
আইসিইর ভারপ্রাপ্ত প্রধান টড লায়ন্স সিএনএনকে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একজন স্নাইপারের হামলা হতে পারে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে ব্যাপক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।ডালাস পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল এখনো সক্রিয় রয়েছে এবং বিস্তারিত তথ্য সীমিত।
হঠাৎ এই গুলিবর্ষণের ঘটনায় ডালাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তদন্ত শুরু করেছে স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ।
সুত্রঃ রয়টার্স