সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। ছবি : সংগৃহীত
মেলবোর্ন, ১১ অক্টোবর- সাতক্ষীরার কিশোর সুদীপ্ত দাস শিশুদের জন্য দেওয়া আন্তর্জাতিক শান্তি পুরস্কারের (ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ) জন্য মনোনীত হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের শিশু অধিকার ও সামাজিক পরিবর্তনে কাজ করা তরুণদের মধ্য থেকে এ মনোনয়ন দেওয়া হয়।
সুদীপ্ত ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা এবং ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকারবিষয়ক বার্তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মশালা, সম্প্রদায়ভিত্তিক সভা ও ক্যাম্পেইনের মাধ্যমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষায় আগ্রহ তৈরির লক্ষ্যে কাজ করে চলেছেন।
সুদীপ্ত দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন, শিশু শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত আছেন। স্থানীয় পর্যায়ে শিশুদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে তাঁর উদ্যোগ প্রশংসিত হয়েছে।
মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত বলেন, ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে।
ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজকে অনেকেই শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কার হিসেবে উল্লেখ করেন। এই পুরস্কারটি প্রতিবছর নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান কিডসরাইটস ফাউন্ডেশন প্রদান করে।
চূড়ান্ত বিজয়ীর নাম নভেম্বর মাসে ঘোষণা করা হবে।