প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি
মেলবোর্ন, ৭ নভেম্বর- ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “কিছু মানুষ যারা পতিত সরকারের আমলে নানা সুবিধা ভোগ করেছে, তারা এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মূলত ফ্যাসিস্ট সরকারের অর্থপুষ্ট। তাদের কথায় কোনো প্রভাব পড়বে না।”
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে এবং আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রমের সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের সঙ্গে গণমাধ্যমের পারস্পরিক আস্থা ও বোঝাপড়া যত দৃঢ় হবে, ততই গণতন্ত্র ও সুশাসন শক্তিশালী হবে।”
শফিকুল আলম বলেন, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম আমাদের অন্যতম সহযোগী শক্তি,” যোগ করেন তিনি।
সভায় উপস্থিত স্থানীয় সাংবাদিকরা নেত্রকোনার সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা সাংবাদিকতা পেশার মানোন্নয়ন এবং কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।