মেলবোর্ন, ২২ নভেম্বর- দুবাই এয়ার শোতে প্রদর্শনী ফ্লাইট চলাকালে ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক এই আকাশ প্রদর্শনীতে উন্নত মানের সামরিক ও বাণিজ্যিক বিমান অংশ নিতেই ঘটনাস্থলে হাজারো দর্শনার্থী ছিলেন।
দুবাই সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, তেজস বিমানটি আকাশে কসরত প্রদর্শনের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। বিস্ফোরণে ঘটনাস্থলে আগুন ধরে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা দ্রুত পৌঁছালেও পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।
ভারতীয় বিমানবাহিনী বলেছে, এটি তাদের হালকা ও উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান, যা আন্তর্জাতিক বাজারে দেশটির সামরিক সক্ষমতা তুলে ধরার উদ্দেশ্যে শোতে অংশ নিচ্ছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ইঞ্জিন ত্রুটি, কাঠামোগত সমস্যা অথবা মানবীয় ভুল– সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।
সাক্ষীরা জানান, বিমানটি একটি বৃত্তাকার কসরত শেষ করার পর হঠাৎ নিচের দিকে তীব্রগতিতে নামতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরণ ঘটে। দ্রুতই শো স্থগিত করা হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।
দুবাই কর্তৃপক্ষ ও ভারতীয় তদন্তকারী দল যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ভবিষ্যতে এ ধরনের প্রদর্শনীতে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে আয়োজকরা আশ্বাস দিয়েছেন।