ভারতের মাটিতে এটা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৬ নভেম্বর- ভারতের মাটিতে স্বাগতিক দলকে টানা দুই টেস্টে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। এত বড় ব্যবধানে জিতে প্রোটিয়ারা শুধু সিরিজই জেতেনি, বরং ভারতের বিপক্ষে তাদের ইতিহাসের সবচেয়ে বড় অ্যাওয়ে জয়ের রেকর্ডও গড়েছে। বুধবার ২৬ নভেম্বর সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারায়। ৫৪৯ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অলআউট হয় মাত্র ১৪০ রানে।
ভারতের মাটিতে এটা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়। টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় সিরিজ জয়। এর আগে ২০০০ সালে হ্যান্সি ক্রনিয়ের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এমন সাফল্য পেয়েছিল। ২৫ বছর পর সেই কীর্তির সঙ্গে এবার যোগ দিলেন টেম্বা বাভুমা।
ম্যাচের শেষ দিনে ভারতের লক্ষ্য ছিল অন্তত ড্র করে হোয়াইটওয়াশ এড়ানো। দুই উইকেটে ২৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে তারা। হাতে ছিল ৮ উইকেট, কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচ দ্রুত দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে চলে যায়। স্পিনার সিমন হারমার প্রথম সেশনের মাঝামাঝি সময়ে এক ওভারেই জোড়া আঘাত হানেন। কুলদীপ যাদব ও ধ্রুব জুরেলকে ফেরান তিনি। কিছুক্ষণ পর ঋশাভ পান্তকেও ফিরিয়ে ভারতের প্রতিরোধ গড়ে ওঠার সম্ভাবনাকে আরও ক্ষীণ করে দেন হারমার।
এদিকে সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজা কিছুটা ধৈর্য নিয়ে লড়ে ভারতের আশাকে টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন। প্রথম সেশন শেষে সুদর্শন ১৩৮ বলে ১৪ রানে এবং জাদেজা ৪০ বলে ২৩ রানে ছিলেন অপরাজিত।
দ্বিতীয় সেশনের পঞ্চম বলেই এই জুটি ভেঙে যায়। সেনুরান মুথুসামির বলে এজ হয়ে ক্যাচ দেন সুদর্শন। তিনি ১৩৯ বলে ১৪ রানে আউট হন। এরপর ওয়াশিংটন সুন্দর ও জাদেজা আরেকবার চেষ্টা করেন ম্যাচ বাঁচানোর, কিন্তু সিমন হারমারের ঘূর্ণিতে আর টিকে থাকতে পারেননি সুন্দর। ক্যাচটি নেন এইডেন মারক্রাম।
এই ক্যাচ নিয়েই মারক্রাম এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ ৯ ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আজিঙ্কা রাহানের তৈরি করা রেকর্ড তিনি পেছনে ফেলেন। সুন্দরকে ফিরিয়ে ম্যাচে হারমারের পঞ্চম উইকেট পূর্ণ হয়। পরের ওভারেই নিতিশ রেড্ডিকে আউট করে তিনি তুলে নেন ষষ্ঠ উইকেট। এ সময় একাই লড়ে যাচ্ছিলেন জাদেজা।
অবশেষে ফিফটি পূর্ণ করেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। কেশব মহারাজের বলে আউট হন জাদেজা, এরপর শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তাকে মার্কো জানসেন অবিশ্বাস্য এক ক্যাচে ধরেন। এতে ভারতের ইনিংস থামে ১৪০ রানে।
ম্যাচে সিমন হারমার ২৩ ওভারে ৩৭ রান দিয়ে ৬ উইকেট নেন এবং পুরো টেস্টে তার মোট উইকেট ছিল ৯টি। তার স্পিনে ভর করে দক্ষিণ আফ্রিকা শুধু ম্যাচই জেতেনি, বরং ভারতের মাটিতে এক অবিস্মরণীয় সিরিজ জয়ের ইতিহাস গড়ে মাঠ ছাড়ে।