মেলবোর্ন ৯ ডিসেম্বর-নোয়াখালী এক্সপ্রেস বিপিএলকে সামনে রেখে দলে যুক্ত করল পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার মাজ সাদাকাতকে। মাত্র ২০ বছর বয়সেই আলোচনায় উঠে আসা এই তরুণ সম্প্রতি এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ এ ব্যাট ও বল দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্সে নজর কাড়েন।
টুর্নামেন্টটিতে সাদাকাত ছিলেন ব্যাটিং পরিসংখ্যানে শীর্ষে। পাঁচ ইনিংসে ২৫৮ রান করে হয়েছেন সর্বোচ্চ রানশিকারিও। তার ব্যাটিং গড় ১২৯ এবং স্ট্রাইক রেট ১৭৭.৯৩। বোলিংয়েও তিনি ছিলেন কার্যকর। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭.৪২ ইকোনমিতে শিকার করেছেন ৭ উইকেট।
তার এমন বহুমুখী সামর্থ্য দেখে বিপিএলের একাধিক দল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত প্রতিযোগিতা ছাপিয়ে তাকে দলে ভেড়াতে সক্ষম হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তরুণ মুখভিত্তিক একটি স্কোয়াড গঠনের পরিকল্পনাতেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড: হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান ও মোহাম্মদ নবী।