রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪
রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…
মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার। একই সঙ্গে তপশিলের পূর্ণ বিবরণসহ সিইসির ভাষণ রেকর্ড করা হচ্ছে, যা সন্ধ্যার পর জাতির উদ্দেশে প্রচারের পরিকল্পনা রয়েছে। কোনো কারণে আজ প্রচার সম্ভব না হলে তা আগামীকাল প্রচার করা হবে।
সরকার গত কয়েক মাস ধরে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ইঙ্গিত দিয়ে আসছে। সে অনুযায়ীই তপশিল সাজানো হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, তপশিল ঘোষণার পর থেকে নির্বাচনী সভা-সমাবেশের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। আচরণবিধি অনুযায়ী, কোনো সমাবেশ আয়োজনের ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানানো বাধ্যতামূলক। মনোনয়নপত্র জমা, যাচাই–বাছাই ও প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারে নামতে পারবেন। তপশিল ঘোষণার পর পাঁচ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামবেন।
নতুন আরপিও অনুযায়ী, তপশিল ঘোষণার মুহূর্ত থেকেই সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। এবার নির্দিষ্ট সংখ্যক সামরিক কর্মকর্তা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়েও মাঠে থাকবেন।
তপশিল ঘোষণার আগে সার্বিক অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সিইসি। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেলে ভাষণ রেকর্ড হওয়ার কথা।
দেশে এর আগে দুইবার গণভোট হলেও একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট এবারই প্রথম। এবারের নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।
নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অর্ধশতাধিক রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ ভোটের বাইরে থাকবে। জাতীয় পার্টির একটি অংশ ইতোমধ্যে দল থেকে বেরিয়ে জেপির সঙ্গে জোট ঘোষণা করেছে। গত কয়েক দিনে বিএনপি, জামায়াত ও এনসিপি আলাদাভাবে সিইসির সঙ্গে বৈঠক করে তপশিল ঘোষণার পক্ষে মত দিয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে জামায়াত ও এনসিপি অসন্তোষ প্রকাশ করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে তপশিল ঘোষণায় দেরির গুঞ্জন ছিল। তবে দলটির পক্ষ থেকে ইসিকে ইতিবাচক বার্তা দেওয়ায় সে আশঙ্কা কেটে গেছে বলে কমিশনের একাধিক সূত্র জানিয়েছে।
এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ ভোটারের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৪৪ হাজার ৬৪৯ ভোটকক্ষ থাকবে। প্রথমবারের মতো প্রায় ৫০ লাখ প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের নিবন্ধন চলবে।
তপশিল ঘোষণার পর অনুমতি ছাড়া কোনো সমাবেশ বা আন্দোলনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়, অনুমোদনহীন সমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ প্রায় ৯ লাখ সদস্য মাঠে থাকবে, যা দেশে এ পর্যন্ত সর্বোচ্চ।
ইসি জানায়, তপশিল থেকে ভোটের দিন পর্যন্ত এবার প্রায় দুই মাস সময় রাখা হবে। মনোনয়ন জমা, যাচাই–বাছাই, আপিল ও প্রত্যাহারের সময়সীমা কিছুটা বাড়তে পারে। তবে প্রচারের জন্য সর্বোচ্চ ২১ দিনই থাকবে।
ইসি ইতোমধ্যে সব আইন, বিধি ও পর্যবেক্ষণ নীতিমালা চূড়ান্ত করেছে। নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন ৫৭ এবং নিবন্ধিত স্থানীয় পর্যবেক্ষক সংস্থা ৮১টি। বিদেশি পর্যবেক্ষকরাও আসবে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সব প্রস্তুতি শেষ, এখন শুধু তপশিল ঘোষণার অপেক্ষা। আগাম প্রচার সামগ্রী সরাতে তপশিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে নির্দেশনা মানতে হবে।
কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মনে করেন, বিভিন্ন দলের মতামত চ্যালেঞ্জ নয়। তিনি বলেন, সব দল ভোটে অংশ নিচ্ছে, কমিশন সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au