প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইছেন জুনাইদ আহমেদ পলক (ছবি: ভিডিও থেকে)
মেলবোর্ন, ১১ ডিসেম্বর- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজনভ্যানে ওঠার সময় জয় বাংলা স্লোগান দেওয়া এবং জাতীয় সংগীত গাওয়ার কারণে জুনাইদ আহমেদ পলকের বিশেষ কিছু সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার আইনজীবী। তিনি বলেন, কারাগারে পলকের সাথে দেখা-সাক্ষাৎ ও যোগাযোগের নিয়মিত সুবিধাগুলো সাম্প্রতিক দিনগুলোতে সীমিত করে দেওয়া হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের মামলার অভিযোগ গঠনের শুনানিতে এ অভিযোগ আসে। পলকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. লিটন আহমেদ। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শুনানি শেষে ব্যারিস্টার লিটন সাংবাদিকদের জানান, পলক আগে নিয়মিতভাবে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেন এবং অনুমোদিত সময় অনুযায়ী টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন। তবে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এসব সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং বেঞ্চ এ নিয়ে আদেশ দেবেন বলে তিনি জানান।
কারা আইন অনুযায়ী বন্দিরা নির্দিষ্ট সময় ও অনুমতির ভিত্তিতে আইনজীবী, পরিবার ও আত্মীয়স্বজনসহ অনুমোদিত ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগ পান। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে কারা কর্তৃপক্ষ এসব সময়সূচি বাতিল বা পরিবর্তন করতে পারে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে ডিভিশন বাতিল, সাধারণ সুবিধা সীমিত করা, একাকী কারাবাস অথবা অতিরিক্ত কাজ বরাদ্দসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়, যা জেল কোড ও প্রিজন্স অ্যাক্টে উল্লেখ আছে।
কারা কর্তৃপক্ষের দাবি, এসব ব্যবস্থা সাধারণত অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়। তবে পলকের আইনজীবীরা বলছেন, জাতীয় সংগীত গাওয়া বা স্লোগান দেওয়াকে এমন শাস্তিমূলক ব্যবস্থার কারণ হিসেবে দেখানো ঠিক নয়। এখন ট্রাইব্যুনালের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।