সাজিদের বাবা রাকিব উদ্দীন। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ১২ নভেম্বর- রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি তোলার জন্য খোঁড়া অবহেলাজনিত একটি গভীর গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। টানা ৩২ ঘণ্টা উদ্ধারচেষ্টার পর বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে শিশুটিকে গর্ত থেকে তোলা হয়। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১১টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকাজুড়ে শোকের আবহ নেমে আসে।
সাজিদের বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। শিশুটির বাবা রাকিব উদ্দীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি ন্যায়বিচার চান। তার ভাষায়, অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
রাকিব উদ্দীন বলেন, “আমি বিচার চাই। প্রশাসন যেভাবে সঠিক মনে করবে, আমি তাতেই সন্তুষ্ট। আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি, আমার কলিজা হারিয়ে ফেলেছি। এখন কিছুই করার নেই, শুধু দোয়া করা ছাড়া। আল্লাহ যাকে দিয়েছেন, তিনিই আবার নিয়ে গেছেন। কিন্তু গর্ত বন্ধ না করাটা স্পষ্ট অবহেলা।”
তিনি জানান, যে প্রতিষ্ঠানটি গভীর নলকূপের কাজ করছিল, তারা গর্তটি সতর্কীকরণ ব্যতিরেকে খোলা রেখে যায়। রাকিব উদ্দীনের অভিযোগ, “তারা যদি পাইপের মুখে কিছু দিত, ঢেকে রাখত বা একটি চিহ্ন দিত, তাহলে এমন ঘটনা ঘটত না। তারা কিছুই করেনি। এ কারণেই আমি বিচার চাই।”
পরিবার সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টায় সাজিদের জানাজা কোয়েলহাট পূর্বপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।