মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে সীমান্তবর্তী ত্রিপুরার দক্ষিণ বিভাগের আন্তর্জাতিক এলাকা পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শীর্ষ কর্মকর্তারা।
শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট।
এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্ত এলাকার নিরাপত্তা ও প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনার অংশ হিসেবেই এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। কর্মকর্তারা বেলুনিয়া সাব-ডিভিশনের কাছাকাছি স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থল পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির খোঁজখবর নেন।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্তের একটি বড় অংশ এখনো কাঁটাতারের বেড়া বা স্থায়ী অবকাঠামোর বাইরে রয়েছে, যা নিরাপত্তার দিক থেকে বরাবরই সংবেদনশীল হিসেবে বিবেচিত।
ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি পরিদর্শন করেন। এ সময় তিনি সম্মুখভাগে মোতায়েন থাকা সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম ও প্রস্তুতি সরাসরি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।
ইন্ডিয়া টুডে নর্থইস্ট জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতেই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এই সীমান্ত সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।