মেলবোর্ন, ৫ জানুয়ারি- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বন্ডাই বিচে ভয়াবহ গণগুলিবর্ষণের প্রধান অভিযুক্ত নাভিদ আকরামকে রাজ্যের সর্বোচ্চ নিরাপত্তার কারাগার গুলবার্ন সুপারম্যাক্সে স্থানান্তর করা হয়েছে। এবিসি নিউজের তথ্য অনুযায়ী, সোমবার সকালে তাকে সিডনির লং বে কারাগারের হাসপাতাল ইউনিট থেকে সেখানে নেওয়া হয়, যেখানে তিনি গত দুই সপ্তাহ ধরে পুলিশি গুলিতে আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
২৪ বছর বয়সী নাভিদ আকরামের বিরুদ্ধে মোট ৫৯টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৫টি হত্যা মামলা, যা গত ১৪ ডিসেম্বর বন্ডাই বিচে সংঘটিত গণগুলিবর্ষণের সঙ্গে সংশ্লিষ্ট। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
নিউ সাউথ ওয়েলস সরকারের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন,“গুলবার্ন সুপারম্যাক্স কারাগারটি রাজ্যের সবচেয়ে নিরাপদ কারাগার। এখানে এমন বন্দিদের রাখা হয়, যারা সমাজের জন্য সর্বোচ্চ ঝুঁকি সৃষ্টি করে।”
তিনি আরও বলেন,
“সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। সংশোধনাগার বিভাগ গুরুতর অপরাধীদের ব্যবস্থাপনায় তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে।”
উল্লেখ্য, এই ঘটনায় আরেক বন্দুকধারী হিসেবে অভিযুক্ত নাভিদের বাবা সাজিদ আকরামকে ঘটনাস্থলেই পুলিশ গুলি করে হত্যা করে।
বন্ডাই বিচের এই রক্তক্ষয়ী হামলা অস্ট্রেলিয়াজুড়ে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।