নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত
রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…
মেলবোর্ন ২৫ জানুয়ারি- একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি আর নেই। আজ রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বিবিসি হিন্দির বরাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে দক্ষিণ এশিয়ার রাজনীতি, সমাজ ও সংকটকে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন মার্ক টালি। গত শতকের ষাটের দশক থেকে শুরু করে বহু বছর তিনি বিবিসির ভারত ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিবিসি থেকে অবসর নেওয়ার পরও তিনি ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক হিসেবে সক্রিয় ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা। সে সময় সীমান্তবর্তী শরণার্থীশিবির ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে বাঙালিদের দুর্দশা, গণহত্যা ও যুদ্ধের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন তিনি। মার্ক টালির পাঠানো প্রতিবেদনগুলো বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে বড় ভূমিকা রাখে বলে মনে করা হয়।
মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার তাঁকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। পাশাপাশি সাংবাদিকতায় অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। যুক্তরাজ্য থেকেও তিনি নাইটহুড খেতাব লাভ করেন।
১৯৩৫ সালের ২৪ অক্টোবর ভারতের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন মার্ক টালি। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। শৈশবের কিছু সময় কলকাতায় কাটালেও ৯ বছর বয়সে তিনি ইংল্যান্ডে ফিরে যান এবং সেখানেই পড়াশোনা করেন। শুরুতে সেনাবাহিনীতে যোগ দিলেও পরে তা ছেড়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও ধর্ম বিষয়ে পড়াশোনা শুরু করেন, যদিও সেই পড়াশোনা শেষ করেননি।
১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন মার্ক টালি। এক বছর পর দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৪ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত প্রায় দুই দশক দিল্লিতে বিবিসির ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রী মার্গারেট ও চার সন্তান লন্ডনে থাকলেও তিনি নিজে ভারতের সঙ্গেই দীর্ঘদিন বসবাস করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বহু গুরুত্বপূর্ণ বই লিখেছেন, যার মধ্যে রয়েছে রাজ টু রাজিব: ফর্টি ইয়ার্স অব ইন্ডিয়ান ইনডিপেনডেন্স, নো ফুল স্টপ ইন ইন্ডিয়া, হার্ট অব ইন্ডিয়াসহ আরও বেশ কয়েকটি আলোচিত গ্রন্থ।
মার্ক টালির মৃত্যুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক পরীক্ষিত বন্ধুকে হারাল দেশ। সাংবাদিকতা ও মানবিক দায়বদ্ধতার যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au